জুনে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।ঘোষিত ১৫ সদস্যের দলে সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন ২৬ বছর বয়সী ওপেনার এমিলিও গে।
ইংল্যান্ডের বেডফোর্ডে জন্ম নেওয়া এই ক্রিকেটারের মা ইতালীয় হওয়ায় তিনি দেশটির নাগরিকত্ব পান এবং গত বছর ইতালির জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। ইতালির জার্সি গায়ে ৩ ম্যাচে ২১৩.৩৩ স্ট্রাইকরেটে ৬৪ রান করা এই ব্যাটার চলতি মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডারহামের হয়ে ৯২.০০ গড়ে ৫৫২ রান করে নির্বাচকদের নজর কেড়েছেন।
এছাড়া বিপিএলের গত আসরে ১০ হাজার ডলার ভিত্তিমূল্যে রংপুর রাইডার্সের স্কোয়াডেও ছিলেন। ধারণা করা হচ্ছে, লর্ডসে বেন ডাকেটের সঙ্গী হিসেবে ওপেনিংয়ে তার অভিষেক হতে পারে।
অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে অ্যাশেজ হারের পর দলে বড় ধরনের সংস্কারের পথে হেঁটেছে ইসিবি। অফ-ফর্মের কারণে দলের দীর্ঘদিনের নিয়মিত দুই মুখ জ্যাক ক্রলি ও ওলি পোপকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। অ্যাশেজে ২৭.৩০ গড় এবং ঘরোয়া ক্রিকেটে কেন্টের হয়ে রান না পাওয়ায় ক্রলিকে সরিয়ে এমিলিও গে-কে সুযোগ দেওয়া হয়েছে। একইভাবে শীতকালীন সফরে বাজে পারফরম্যান্সের বলি হয়ে ছিটকে গেছেন ওলি পোপও।
এমিলিও গে ছাড়াও প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন পেসার সনি বেকার ও উইকেটরক্ষক ব্যাটার জেমস রিউ। এদিকে ইনজুরি ও ফিটনেস সমস্যা কাটিয়ে দীর্ঘ দুই বছর পর দলে ফিরেছেন পেসার ওলি রবিনসন। সাসেক্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করে কোচ ব্রেন্ডন ম্যাককালামের আস্থার প্রতিদান দিয়েছেন তিনি। জফরা আর্চার আইপিএলে ব্যস্ত থাকায় এবং মার্ক উড ইনজুরিতে পড়ায় গাস অ্যাটকিনসন ও জশ টাংয়ের সাথে পেস আক্রমণের মূল ভরসা হবেন রবিনসন।
চোট কাটিয়ে এই সিরিজের মাধ্যমেই অধিনায়ক হিসেবে ক্রিকেটে ফিরছেন বেন স্টোকস। দলে অভিজ্ঞ ব্যাটার হিসেবে আছেন জো রুট, হ্যারি ব্রুক এবং বেন ডাকেট। স্পিন বিভাগে দুই তরুণ প্রতিভা রেহান আহমেদ ও শোয়েব বশিরের ওপর আস্থা রেখেছে ম্যানেজমেন্ট।
ইংল্যান্ড স্কোয়াড (প্রথম টেস্ট)
বেন স্টোকস (অধিনায়ক), রেহান আহমেদ, গাস অ্যাটকিনসন, সনি বেকার, শোয়েব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, বেন ডাকেট, ম্যাথু ফিশার, এমিলিও গে, জেমস রিও, ওলি রবিনসন, জো রুট, জেমি স্মিথ (উইকেটরক্ষক) ও জশ টাং।
মৃত্যঞ্জয়ের পাঁচের পর ৬ উইকেট, আলিসের হ্যাটট্রিক