ফের তৌসিফের সঙ্গে কেয়া

আপডেট : ১৪ মে ২০২৬, ০৭:৫৩ এএম

ছোটপর্দার এ সময়ের দুই ব্যস্ত অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও কেয়া পায়েলকে নিয়ে নির্মিত হলো ‘অবশেষে তুমি এলে’ শিরোনামের একটি রোমান্টিক নাটক। জাগো এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নাটকটি নির্মাণ করেছেন পরিচালক সেলিম রেজা। এর গল্প লিখেছেন পারভেজ ইমাম। নাটকের প্রধান দুই চরিত্রে তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আরও রয়েছেন টুটিয়া ইয়াসমিন পাপিয়া, নিজাম উদ্দিন তামু, ডিকন নূর, আশরাফুল আলম সোহাগ, ফারুক আহমেদসহ অনেকে। এতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ও পরিচালক আবুল হায়াত। নাটকটিতে একটা সুন্দর ও চমৎকার গানও রয়েছে বলে জানিয়েছেন এর পরিচালক সেলিম রেজা। ‘ছুঁয়ে থাকো আমায়’ শিরোনামে গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও টিউন করেছেন কাওসার খান। গানটিতে কণ্ঠ দিয়েছেন শাওন গানওয়ালা এবং অবন্তী সিঁথি।

পরিচালক জানান, এ নাটকের শুটিং হয়েছে রাজধানীর উত্তরা এলাকার ৩০০ ফুট বনবিথি হাউজে। নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটি শিগগিরই ইউটিউব প্ল্যাটফর্ম জাগো এন্টারটেইনমেন্টে প্রকাশ করা হবে। নাটকের গল্পে দেখা যাবে, রাজবংশের শেষ উত্তরসূরির ফুলের প্রতি ভালোবাসা এবং বাবার রেখে যাওয়া ফ্লাওয়ার শপে বসে বসে বাংলা নাটকের অনেক বড় সুপারস্টার হওয়ার স্বপ্নে বিভোর থাকা দুই তরুণ-তরুণীর কাহিনি। ফুলপ্রেমী কেয়া পায়েল অফিস থেকে বাসায় ফেরার পথে সালমানের ফ্লাওয়ার শপে আসে ফুল কিনতে। প্রথম দেখাতেই কেয়ার প্রেমে পড়ে যায় তৌসিফ। এগিয়ে চলে নাটকের গল্প।

নির্মাতা নিশ্চিত করেছেন, রোমান্টিক ট্র্র্যাজেডি ও পারিবারিক আবহে চমৎকার গল্পের এই নাটকটি আগামীকাল ১৪ মে জাগো এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত