আগামীকাল ৫ আগস্ট দাম্পত্য জীবনের ১০ বছর পূর্ণ করতে যাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সংবাদ উপস্থাপক লোপা হোসেইন এবং গীতিকার-সুরকার সিরাজুম মুনির। প্রতি বছর বিবাহবার্ষিকীতে একে অন্যকে বিশেষ উপহার হিসেবে একটি নতুন গান উপহার দেন এই জুটি। তবে এবার রয়েছে ভিন্ন স্বাদ, এই প্রথম লোপা হোসেইনের কথায় সুর বেঁধেছেন সিরাজুম মুনির।
‘তুমি জোছনা হয়ে’ শিরোনামের সেমি-ক্ল্যাসিক্যাল মেলোডি ঘরানার গানটির সংগীতায়োজন করেছেন হাসিন হাসনাত হৃদয়। নিশক তারেক আজিজের পরিচালনায় গানটির মিউজিক ভিডিও ৪ আগস্ট রাত ৮টায় লোপা হোসেইনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।
গানটি প্রসঙ্গে সিরাজুম মুনির বলেন, ‘কিছু গান কানে আরাম ও মনে প্রশান্তি দেয়, এটি তেমনই। প্রথমবারের মতো লোপার লেখায় সুর করতে পেরে দারুণ লাগছে।’
অন্যদিকে লোপা হোসেইন জানান, ‘দীর্ঘদিন পর নিজের লেখা গান প্রকাশ্যে আসছে, এটি বিশেষ আনন্দের। শারীরিক অসুস্থতা ও পারিবারিক নানা ব্যস্ততায় গানে কিছুটা অনিয়মিত হয়ে পড়েছিলাম। তবে এই কাজের মাধ্যমে আবার গানে নিয়মিত হওয়ার চেষ্টা করব।’
দাম্পত্যের এক দশক পূর্তিতে জীবনের এই বিশেষ মুহূর্তে সবার ভালোবাসাও দোয়া চেয়েছেন এই সংগীতশিল্পী দম্পতি।
