গোপালগঞ্জে ট্রাক চাপায় মৃদুল শেখ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন রিকশা চালক সামিউল মোল্লা। বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ভেড়ারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিসুর রহমান জানান, সদর উপজেলার উলপুর থেকে একটি রিকশা করে গোপালগঞ্জ শহরে যাচ্ছিলেন মৃদুল। এসময় রিকশাটি ভেড়ারবাজার এলাকায় পৌঁছলে দ্রুতগামী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে রিকশাযাত্রী মৃদুল শেখ নিহত ও রিকশা চালক সামিউল মোল্লা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। মারাত্মক আহত রিকশা চালক সামিউল মোল্লাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মৃদুল শেখ গোপালগঞ্জ সদর উপজেলার খাটিয়াগড় উত্তরপাড়া গ্রামের ফেলান শেখের ছেলে।
সোনারগাঁওয়ে পঁচা মাংস বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা 