টেকনাফে বিদেশি মদ ও ইয়াবাসহ আটক ৩

আপডেট : ১৭ মে ২০২৬, ১০:৩৮ পিএম

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের সাঁড়াশি ৪টি পৃথক অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ ও ইয়াবাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে। রবিবার (১৭ মে) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক, চোরাচালান ও অন্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। বিশেষ করে সীমান্তবর্তী উপকূলীয় এলাকায় মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল ও সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় টেকনাফ সদর ইউনিয়নের কেরুণতলী এলাকায় গতকাল ১৬ মে শনিবার রাত ১১ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক সিএনজি তল্লাশি করে প্রায় ২৪ হাজার টাকা মূল্যের ৪৭ ক্যান বিদেশি বিয়ার ও পাচারকাজে ব্যবহৃত সিএনজিসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।

অপরদিকে, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া ও মাথাভাঙ্গা এলাকায় ১৭ মে রবিবার সকাল ৮টায় এবং বিকাল ৪ টায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া কর্তৃক ২টি বিশেষ অভিযান পরিচালনা করে  টি সন্দেহভাজন ইজিবাইকে তল্লাশি চালিয়ে প্রায়  এক লাখ ১৫ হাজার টাকা মূল্যের ১২৭ লিটার বাংলা মদ ও পাচারকাজে ব্যবহৃত ইজিবাইকসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।

এছাড়াও, একইদিনে (১৭ মে) দুপুর ১ টায় টেকনাফের সাবরাং ইউনিয়নের নয়াপাড়া সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করে একটি সন্দেহভাজন ডিঙি নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদক কারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ঝাউবনের দিকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত আলামত, পাচারকাজে ব্যবহৃত সিএনজি ও ইজিবাইক এবং আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচে্ছে। তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত