গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে রওনা হওয়া আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ৩৯টি জাহাজ আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। তবে বহরের বাকি জাহাজগুলো এখনো গাজার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।
সোমবার (১৮ মে) আয়োজক সংগঠন এক বিবৃতিতে জানায়, ৩৯টি দেশের ৪২৬ জন অধিকারকর্মী, চিকিৎসাকর্মী ও স্বেচ্ছাসেবীকে নিয়ে মোট ৫৪টি জাহাজের এই আন্তর্জাতিক বহরটি দক্ষিণ তুরস্কের একটি বন্দর থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক জলসীমায় গাজা থেকে প্রায় ২৫০ নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে ইসরায়েলি যুদ্ধজাহাজ বহরটিকে ঘিরে ফেলে। পরে সামরিক কমান্ডোরা একে একে কয়েকটি জাহাজে উঠে নিয়ন্ত্রণ নেয়। আটক হওয়া জাহাজগুলোর মধ্যে অন্তত ৪৪ জন তুর্কি নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে আয়োজকরা।
এর আগে সোমবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গাজার ওপর আরোপিত নৌ অবরোধ ভাঙার কোনো চেষ্টা বরদাস্ত করা হবে না। ইসরায়েল এই অভিযানকে ‘উস্কানিমূলক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করে বহরের সদস্যদের ফিরে যাওয়ার নির্দেশ দেয়।
এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান এই ঘটনাকে ‘জলদস্যুতা’ হিসেবে আখ্যা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বহরে থাকা তুর্কি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।
ত্রাণ বহরে থাকা ‘লার্ক’ নামের একটি জাহাজে অবস্থানরত তুর্কি অধিকারকর্মী আহমেদ সোইলেমেজ জানান, তারা ইসরায়েলি বাধায় ভয় পাচ্ছেন না। তবে আটক হওয়া জাহাজগুলোর আরোহীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। তিনি বলেন, গাজার আরও কাছে পৌঁছালে তাদের জাহাজও আটক করা হতে পারে।
জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেনিয়ায় বিক্ষোভ, নিহত ৪