যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হত্যার জন্য আর্থিক পুরস্কার ঘোষণার একটি প্রস্তাব নিয়ে আলোচনা করছে ইরান। এজন্য দেশটির পার্লামেন্টে একটি বিল উত্থাপনের প্রস্তুতি চলছে, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ নেতাদের হত্যার বিনিময়ে পুরস্কার দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
মঙ্গলবার (১৯ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা টেলিগ্রাফ।
ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি জানান, পারস্পরিক সামরিক ও নিরাপত্তা পদক্ষেপ শীর্ষক এই বিলের মাধ্যমে ট্রাম্প ও নেতানিয়াহুকে হত্যার জন্য প্রায় ৪ কোটি ৩৫ লাখ পাউন্ড (৫০ মিলিয়ন ইউরো) পর্যন্ত পুরস্কার দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।
এদিকে চলমান যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার মধ্যেও ইরান যুক্তরাষ্ট্রের কাছে একটি হালনাগাদ শান্তি প্রস্তাব পাঠিয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। তবে ওই সূত্রের মতে, আগের অবস্থানের তুলনায় এতে বড় কোনো অগ্রগতি নেই।
যুক্তরাষ্ট্র বলছে, তারা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কার্যকর আলোচনার প্রত্যাশা করছে। তবে তা না হলে সামরিক পদক্ষেপের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না।
ইরানি সংসদের আরেক সদস্য মাহমুদ নবাভিয়ান বলেন, ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য পুরস্কার নির্ধারণের বিষয়ে পার্লামেন্টে শিগগিরই ভোট হতে পারে।
প্রতিবেদনে বলা হয়, এমন ধরনের প্রস্তাব আগে ব্যক্তিগত ও ধর্মীয় পর্যায়ে থাকলেও এবার তা আনুষ্ঠানিক সংসদীয় উদ্যোগে পরিণত হয়েছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে।
অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা চলছে এবং সাম্প্রতিক দিনগুলোতে উভয় পক্ষ প্রস্তাব বিনিময় করেছে।
তবে আলোচনার মধ্যেও উত্তেজনা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের শর্তে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা, সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরসহ কঠোর পদক্ষেপের কথা রয়েছে বলে ইরানি গণমাধ্যম জানিয়েছে।
ইরান বলছে, তাদের মূল দাবি হলো যুদ্ধের অবসান, সব নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ অর্থ ফেরত, ক্ষতিপূরণ প্রদান এবং হরমুজ প্রণালিতে তাদের সার্বভৌমত্বের স্বীকৃতি।
