জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমিসেবা পৌঁছে দেয়া এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের আয়োজনে মঙ্গলবার (১৯ মে) চন্দনাইশে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ২১ মে পর্যন্ত এ মেলা চলবে। এদিন সকাল ১০ টায় চন্দনাইশ উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী উদ্বোধনের সঙ্গে যুক্ত থাকেন।
পরে চন্দনাইশ উপজেলা পরিষদ মিলনায়তনের আঙ্গিনায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ৩ দিনব্যাপী মেলার উদ্বোধন করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান। এর আগে উপজেলা পরিষদ মিলনায়তন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, থানার ওসি (তদন্ত) মোহাম্মদ লিটন মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, সমাজসেবা অফিসার রাসেল চৌধুরী, উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হক, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজু, চন্দনাইশ সিভিল সোসাইটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আবদুর রউফ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন অফিসের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ অনুষ্ঠানে অংশ নেন।
বক্তব্যে ইউএনও মো. আবদুর রহমান বলেন, সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন এবং সহজেই ভূমি সেবা পান, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। তিনি সরকারের ডিজিটালাইজেশন কার্যক্রমের প্রশংসা করে বলেন, আগে ভূমি অফিসে সেবা নিতে গিয়ে মানুষকে নানা ভোগান্তি পোহাতে হতো। বর্তমানে অনলাইনভিত্তিক বিভিন্ন সেবার কারণে সেই ভোগান্তি অনেকাংশে কমে এসেছে। তিনি শতভাগ স্বচ্ছ ভূমি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে অন্য বক্তারা ভূমি বিভাগের আধুনিকায়ন, ডিজিটাল সেবা এবং এর সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। মেলায় আগত সাধারণ মানুষকে জানানো হয়, এখান থেকেই সরাসরি নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান, পর্চা বা খতিয়ানের আবেদনসহ বিভিন্ন ডিজিটাল সেবা ও পরামর্শ তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে।
অন্য সেবাগুলোর মধ্যে রয়েছে; অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন এবং অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানে সহযোগিতা প্রদান, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক প্রদান, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সপ্তাহব্যাপী এ মেলা স্থানীয় জনগণের মধ্যে ভূমি সেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং দালালচক্রের দৌরাত্ম্য কমাতে কার্যকর ভূমিকা রাখবে।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলা শেষ হওয়ার পরও নাগরিকরা ঘরে বসেই ১৬১২২ নম্বরে কল করে অথবা মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ডিজিটাল ভূমি সেবা গ্রহণ করতে পারবেন। এ সেবাগুলোকে আরও সহজ ও শক্তিশালী করতেই আয়োজন করা হয়েছে,ভূমি সেবা সপ্তাহ।
