রামিসা হত্যাকাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান জামায়াত আমির

আপডেট : ২০ মে ২০২৬, ১০:১৫ এএম

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী শিশু রামিসা আক্তার (৭) হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২০ মে) সকালে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ দাবি জানান।

পোস্টে জামায়াত আমির বলেন, “প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত। তুমি নিষ্পাপ ছিলে। তুমি এখনো পুরোপুরি ফুটে ওঠোনি। তুমি ছিলে তোমার মা-বাবা ও বোনের ভালোবাসামাখা ভবিষ্যতের এক অপূরণীয় স্বপ্ন।”

তিনি আরও বলেন, “তুমি চলে গেছ—তোমার এই চলে যাওয়া হায়েনার লালসার কাছে হার মানেনি। ওই হায়েনাটাই চিরদিন লানতের পাত্র হয়ে থাকবে।”

হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করে তিনি বলেন, “আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত দেখতে চাই। আল্লাহ তাআলা রামিসাকে জান্নাতের পাখি হিসেবে কবুল করুন। তার পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দিন। আমিন।”

এর আগে মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন মরদেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। রামিসা স্থানীয় পপুলার স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এদিকে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রধান অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানা (৩০) এবং তার স্ত্রী স্বপ্নাকে গ্রেফতার করেছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত