মধ্যপ্রাচ্যের দেশ ওমানে নিহত রাঙ্গুনিয়ার চার সহোদরের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। গত বুধবার ওমানে গাড়ির ভেতরে বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়।
নিহত সহোদররা হলেন মুহাম্মদ রাশেদ, মুহাম্মদ সাহেদ, মুহাম্মদ সিরাজ ও মুহাম্মদ শহিদ।
এক সপ্তাহ পর মঙ্গলবার রাতে তাদের মরদেহ দেশে পৌঁছায়।
বুধবার (২০ মে) সকালে ঢাকা থেকে সড়ক পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিজ বাড়িতে এসে পৌঁছে এবং ১১টায় উপজেলার লালানগর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় রাঙ্গুনিয়ার হাজার হাজার মানুষ অংশ নেন৷ জানাজায় ইমামতি করেন নিহত চার সহোদরের বেঁচে থাকা একমাত্র ভাই মাওলানা মো. এনাম। পরে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে পাশাপাশি তাদের দাফন সম্পন্ন করা হয়। জানাজায় রাঙ্গুনিয়ার সর্বস্তরের মানুষের ঢল নামে৷
এর আগে মঙ্গলবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার সহোদরের মরদেহ গ্রহণ করেন রাঙ্গুনিয়ার সাংসদ হুম্মাম কাদের চৌধুরী ও স্বজনেরা। ভোরে মরদেহগুলো রাঙ্গুনিয়ায় পৌঁছালে সেখানে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে উঠে।
গত বুধবার ওমানের মুলাদ্দাহ এলাকায় একটি গাড়ির ভেতর থেকে চার সহোদরের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে ওমান পুলিশের তদন্তে জানা যায়, দীর্ঘ সময় গাড়ি চালু থাকায় গাড়ি ও এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণেই তাদের মৃত্যু হয়।
