চীনে প্রবল বর্ষণে ২২ জনের মৃত্যু নিখোঁজ অন্তত ২০

আপডেট : ২১ মে ২০২৬, ০২:১৯ এএম

চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে টানা বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ আছেন অন্তত ২০ জন। চীনের সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। চীনের সরকারি সম্প্রচারমাধ্যম সিজিটিএনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বর্ষণের জেরে চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংজির একটি নদীতে যাত্রীবাহী ট্রাক উল্টে পড়ায় ১০ জনের মৃত্যু হয়েছে। পার্শ্ববর্তী প্রদেশ গুইঝৌয়ে প্রবল বর্ষণ ও বন্যায় চারজনের মৃত্যু হয়েছে; এখনো নিখোঁজ আছেন পাঁচজন। মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে প্রবল বর্ষণ, বন্যা এবং বাড়িঘরের দেয়াল-ছাদ ধসে তিনজনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ হয়েছেন চারজন।

প্রত্যেক নিহত ও নিখোঁজের পরিবারকে ১ কোটি ২০ লাখ ইউয়ান (১৭ লাখ ৬০ হাজার ডলার) করে সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে চীনের সরকার।

দুর্যোগে বিভিন্ন এলাকায় স্কুল-কলেজ, সড়ক পরিবহন ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত অঞ্চল থেকে উদ্ধারকর্মীরা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছেন। উদ্ধার কাজে এরই মধ্যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। চীনের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় বৃষ্টিজনিত দুর্যোগের উচ্চঝুঁকি রয়েছে। আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগর, দক্ষিণ চীন সাগর ও প্রশান্ত মহাসাগর থেকে আসা আর্দ্রতা একত্রিত হওয়ায় ১ হাজার কিলোমিটারের বেশি এলাকায় এই ভারী বৃষ্টি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত