বগুড়ায় ছুরিকাঘাতে স্কুল শিক্ষার্থী নিহত

আপডেট : ২১ মে ২০২৬, ০৪:৫৫ পিএম

বগুড়ার সারিয়াকান্দিতে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুল্লাহ সাঈম মুস্তাকিম (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। 

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে থানা পুলিশ।

নিহত মুস্তাকিম (১৪) চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারী গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। সে নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, কয়েকদিন আগে ফুটবল খেলা নিয়ে মুস্তাকিমের সঙ্গে নিজামউদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শাহাদত হোসেনের বাকবিতণ্ডা হয়। এর জেরে বৃহস্পতিবার বিদ্যালয়ের সামনে মুস্তাকিমকে একা পেয়ে শাহাদত হোসেন হামলা চালায়, এসময় তার বাবা শাহা আলীও সেখানে ছিলেন বলে জানা গেছে।

একপর্যায়ে শাহাদত মুস্তাকিমকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান কুমার সাহা বলেন, মুস্তাকিমের মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। ঘটনাটি বিদ্যালয়ের বাইরে ঘটেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

সারিয়াকান্দি থানার তদন্ত কর্মকর্তা নুর আলম জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ ও জড়িতদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত