নভেম্বরে ঢাকা সফর করবে মরক্কোর ব্যবসায়ী দল

আপডেট : ২২ মে ২০২৬, ০৮:০৩ এএম

বাংলাদেশ-মরক্কো প্রথম দ্বিপাক্ষিক বিজনেস-টু-বিজনেস (বি২বি) প্ল্যাটফর্মটিকে গতিশীল করতে চলতি বছরের নভেম্বরে মরক্কোর উচ্চপর্যায়ের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছে। সফরকালে তারা অর্থনৈতিক অঞ্চল, শিল্পকেন্দ্র ও উদ্ভাবন হাব পরিদর্শনের মাধ্যমে সম্ভাব্য বিনিয়োগ ও যৌথ উদ্যোগের বিষয়গুলো নিয়ে আলোচনা করবে।

সম্প্রতি বি২বি প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মরক্কোর রাজধানী রাবাতে তিনি এই প্ল্যাটফর্মের উদ্বোধন করেন। বাংলাদেশ দূতাবাস, রাবাত এবং মরক্কোর চেম্বার অব কমার্স, ইন্ডাস্ট্রি অ্যান্ড সার্ভিসেস-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মরক্কোর প্রায় ৩০ জন শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি এবং বাংলাদেশের সাত সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদল অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানেই ব্যবসায়ীরা ঢাকা সফরের বিষয়ে আগ্রহের কথা জানিয়েছেন।

জানা গেছে, নতুন প্ল্যাটফরম গঠনের এই উদ্যোগ দক্ষিণ এশিয়ার সঙ্গে আফ্রিকা, ইউরোপ ও বৈশ্বিক বাজারে মরক্কোর কৌশলগত অবস্থানকে সংযুক্ত করে বাণিজ্য, বিনিয়োগ ও উদ্ভাবনের নতুন সম্ভাবনা তৈরি করেছে।

উদ্বোধনী বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘এই প্ল্যাটফর্মের লক্ষ্য কেবল বাণিজ্য সম্প্রসারণ নয়; বরং হাই ভ্যালু, উদ্ভাবননির্ভর ও জনমুখী অংশীদারত্ব গড়ে তোলা। যা শিল্প বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি স্থানান্তর এবং উভয় দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত