আল্লাহর ওপর ভরসায় দৃঢ় হয় মনোবল

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৭:৪০ এএম

জীবন সব সময় এক রকম থাকে না। কখনো সুখ আসে। কখনো দুঃখ। কখনো সফলতা। কখনো ব্যর্থতা। কখনো সামনে অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যায় না। এমন সময় অনেক মানুষের মন ভেঙে যায়। সাহস হারিয়ে ফেলে। কিন্তু একজন মুমিনের অবস্থা ভিন্ন। কারণ সে জানে, তার একজন রব আছেন। তিনি সব দেখেন। সব জানেন। সবকিছু তার নিয়ন্ত্রণে। এই বিশ্বাসই তাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। আল্লাহর ওপর ভরসা একজন মুমিনের মনোবলকে দৃঢ় করে। সংকটের মাঝেও তাকে আশাবাদী রাখে।

মহান আল্লাহর ওপর ভরসাকে বলা হয় তাওয়াক্কুল। এর অর্থ হাত গুটিয়ে বসে থাকা নয়। বরং সাধ্যের সব বৈধ চেষ্টা করা। এরপর ফলাফল আল্লাহর হাতে সোপর্দ করা। কারণ মানুষ চেষ্টা করতে পারে। কিন্তু সফলতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ।

পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘কাজে-কর্মে তাদের সঙ্গে পরামর্শ করুন। অতঃপর যখন আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন, তখন আল্লাহর ওপর ভরসা করুন। নিশ্চয়ই আল্লাহ ভরসাকারীদের ভালোবাসেন।’ (সুরা আলে ইমরান ১৫৯)

আল্লাহর ওপর ভরসাকারী ব্যক্তি জানেন, কোনো বিপদই আল্লাহর জ্ঞানের বাইরে নয়। তাই তিনি হতাশ হন না। তিনি বিশ্বাস করেন, প্রতিটি কষ্টের মধ্যেই কোনো না কোনো কল্যাণ রয়েছে। এই বিশ্বাস মানুষকে ভেঙে পড়তে দেয় না। মহান আল্লাহ আরও বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট।’ (সুরা তালাক ৩)

হিজরতের সময় রাসুলুল্লাহ (সা.) আল্লাহর ওপর ভরসার অসাধারণ শিক্ষা দিয়েছেন। তিনি ও আবু বকর (রা.) গুহায় অবস্থান করছিলেন। শত্রুরা গুহার মুখ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তখন আবু বকর (রা.) উদ্বিগ্ন হয়ে পড়েন। রাসুলুল্লাহ (সা.) তাকে বলেন, ‘চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন।’ (সুরা তওবা ৪০)

আল্লাহর ওপর ভরসা মানুষের অন্তরে প্রশান্তি সৃষ্টি করে। ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা কমিয়ে দেয়। রিজিকের ভয় দূর করে। ব্যর্থতার কষ্ট সহ্য করার শক্তি দেয়। মানুষের বিরোধিতাও তখন তাকে দুর্বল করতে পারে না। কারণ সে জানে, মানুষের সিদ্ধান্ত নয়, আল্লাহর ফয়সালাই চূড়ান্ত।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা যদি আল্লাহর ওপর যথার্থ ভরসা করতে, তাহলে তিনি অবশ্যই তোমাদের রিজিক দিতেন, যেমন তিনি পাখিদের রিজিক দেন। তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে।’ (সুনানে তিরমিজি ২৩৪৪)

আজকের ব্যস্ত জীবনে মানুষ চাকরি, ব্যবসা, পড়াশোনা, পরিবার ও ভবিষ্যৎ নিয়ে নানা দুশ্চিন্তায় ভোগে। এসব উদ্বেগ থেকে মুক্তির সবচেয়ে বড় শক্তি হলো আল্লাহর ওপর অটল ভরসা। যে ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করে, দোয়া করে, বৈধ উপায়ে চেষ্টা করে এবং আল্লাহর সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট থাকে, তার মনোবল অন্যদের তুলনায় অনেক বেশি দৃঢ় থাকে।

লেখক : ধর্মীয় নিবন্ধকার

×
সর্বশেষ সর্বাধিক পঠিত