ভরিতে সোনার দাম বাড়ল ২২১৬ টাকা

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০১:২৬ এএম

দেশের বাজারে বাড়ল সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা। ফলে প্রতি ভরি সোনা কিনতে এখন খরচ করতে হবে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গতকাল সোমবার সকাল থেকে এই দাম কার্যকর করেছে।

বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধির কারণে নতুন মূল্য ঘোষণা করা হয়েছে। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

জানা গেছে, এর আগে গত ২৪ জুলাই ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয় ৩ হাজার ৩২৪ টাকা। এই দাম কমানোর তিন দিন পরই আবার দাম বাড়ল।

নতুন দাম অনুযায়ী এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

এর আগে গত ২৪ জুলাই সকাল ১০টা থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৩ হাজার ১৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত