ঈদযাত্রায় দাউদকান্দিতে ভোগান্তির শঙ্কা

আপডেট : ২২ মে ২০২৬, ০৮:৩১ এএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এবারও যানজট ঈদে ঘরমুখো মানুষের সঙ্গী হবে বলে ধারণা করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার ভোর থেকে মহাসড়কের ঢাকামুখী লেনের মেঘনা-গোমতী টোলপ্লাজা থেকে দাউদকান্দির রায়পুর পর্যন্ত যানজট দেখা গেছে। দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত ১৬ কিলোমিটার নিয়ে এ শঙ্কা বাড়ছে। এ মহাসড়কে প্রত্যেক বছর ঈদ এলে প্রশাসন ঘোষণা দেয় যানজট নিরসনের। এবার ঈদের ছুটি শুরুর আগেই যানজটের দুর্ভোগে পড়েন যাত্রীরা। এবারের ঈদযাত্রায় গলার কাঁটা হতে পারে গৌরীপুর বাসস্ট্যান্ড ও দাউদকান্দি টোল আদায়ের ধীরগতি। এর জন্য ট্রাফিক আইন অমান্য করে যত্রতত্র যাত্রী তোলা, ফুটপাত দখল করে দোকান, অবৈধ স্ট্যান্ড, অটোরিকশা, দূরপাল্লার গাড়ির গতি কমে যাওয়াকে দায়ী করছেন সংশ্লিষ্টরা।

তারা বলছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা, গৌরীপুর ও ইলিয়টগঞ্জ এলাকায় যানজট লেগেই থাকে। অন্যদিকে কুমিল্লামুখী লেনের গৌরীপুর বাসস্ট্যান্ডে এলোপাতাড়ি পার্কিং করে যাত্রী ওঠানামা, সঙ্গে ফিটনেসবিহীন দরজা খোলা লোকাল মাইক্রোবাস ও অনুমোদনহীন ট্রাক্টর গৌরীপুর-হোমনা সড়ক থেকে মহাসড়কে ওঠা এবং মহাসড়ক থেকে নামার সময় সৃষ্ট যানজট লেগেই থাকে। তাই এবার ঈদযাত্রায় মহাসড়কের দাউদকান্দি অংশে ভোগান্তির আশঙ্কা করছেন এ পথে চলাচল করা যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টরা।

‘নিরাপদ সড়ক চাই’-দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেন বলেন, প্রতিদিনই দাউদকান্দি এলাকায় ছোট-বড় যানজটের ভোগান্তিতে পড়তে হচ্ছে। সড়কের পাশে অবৈধ স্থাপনা ও যত্রতত্র পার্কিংয়ের কারণে এ সমস্যা হলেও সঙ্গে টোলপ্লাজায় টোল আদায়ে ধীরগতির কারণে যানজট আরও বড় হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি দেশ রূপান্তরকে বলেন, মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ে ধীরগতির কারণে প্রায় রাতেই যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া দুর্ঘটনা আর বিকল হওয়া তো আছেই। গৌরীপুর বাসস্ট্যান্ডে সড়কের ওপর যাত্রী ওঠানামা করা ও মহাসড়কে যানবাহন ওঠানামা করতে গিয়ে এ যানজটের সৃষ্টি হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট রোধ ও ছিনতাই-ডাকাতি ঠেকাতে ইতিমধ্যে পুলিশের বাড়তি টিম নিয়োগ করা হয়েছে।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম যানজটের খবর শুনে বৃহস্পতিবার সকালে দাউদকান্দি টোলপ্লাজা এলাকা পরিদর্শনে আসেন। তিনি দেশ রূপান্তরকে বলেন, মেঘনা-গোমতী সেতুর টোল আদায় ধীরগতিতে হয় না, মাঝে মাঝে যানবাহনের চাপ বৃদ্ধি পায়। নতুন কয়েকটি বুথ নির্মাণকাজ শেষ পর্যায়ে। চালু হতে হয়তো মাসখানেক সময় লাগবে। ওই বুথগুলো চালু হলে এ সমস্যা হয়তো আর থাকবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত