বেনজীরকে ফেরাতে আইনজীবী নিয়োগ দিচ্ছে সরকার

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৫:৩১ এএম

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হওয়া সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার উদ্দেশ্যে সেখানের আদালতে আইনজীবী নিয়োগ করার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সরকার।

অনিয়ম, দুর্নীতি ও অর্থ পাচারের মামলায় অভিযুক্ত বেনজীর আহমেদকে গত ১২ জুন ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ গ্রেপ্তার করে। এরপর তাকে বাংলাদেশে ফেরত পাঠানো ঠেকাতে বেনজীর আহমেদ নিজে দুবাইয়ে আইনজীবী নিয়োগ করেছেন এবং আইনি ফন্দি হিসেবে সেখানে একটি দেওয়ানি মামলা করিয়েছেন। এই উদ্ভূত আইনি পরিস্থিতি মোকাবেলা করতে এবং প্রত্যর্পণ প্রক্রিয়া সফল করতে বাংলাদেশের পক্ষ থেকেও আইনজীবী নিয়োগের এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

বেনজীর আহমেদকে গ্রেপ্তারের বিষয়ে বাংলাদেশকে জানায় আমিরাত সরকার। তাকে ফেরত আনার জন্য এরই মধ্যে বাংলাদেশ থেকে প্রস্তাবও পাঠানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, তাকে ফেরত আনার কার্যক্রম চলছে। সূত্রটি জানায়, বেনজীর আহমেদ গ্রেপ্তারের পর নিজেকে তুরস্কের নাগরিক হিসেবে পরিচয় দেন এবং তিনি তুরস্কের পাসপোর্টও দেখান।

তবে দুবাই পুলিশ তাকে বাংলাদেশি হিসেবেই শনাক্ত করে। প্রস্তাব পাঠানোর পর আমিরাত সরকার তাকে ফেরত দেওয়ার বিষয়ে আন্তরিকতা দেখাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আইনি জটিলতা নিরসন করে তাকে বিশেষ বিমানে করে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। তবে দুবাইয়ে তার বিরুদ্ধে মামলা হওয়ায় দেশটির আদালতে বিষয়টির নিষ্পত্তি এবং আদালতের অনুমতিক্রমে তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। এ অবস্থায় বাংলাদেশ সরকার দুবাইয়ের আদালতে আইনজীবী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণায়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, দুবাই পুলিশ বেনজীর আহমেদের বিরুদ্ধে মামলা করার কারণে সেটি আদালতে উঠবে। আমরা যেটুকু জেনেছি তাতে বেনজীর আহমেদ আইনজীবী নিয়োগ করেছেন। এ ক্ষেত্রে আমাদেরও আইনজীবী নিয়োগ করতে হবে। যাতে আইনি মারপ্যাঁচে তিনি মুক্ত হয়ে যেতে না পারেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের আদালতে মামলা নিষ্পত্তি হওয়া এবং তাকে ফেরত আনার ক্ষেত্রে ওই দেশের আদালতের অনুমতির জন্য আমাদের অপেক্ষা করতে হবে।’

বেনজীর আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, অর্থ পাচার এবং পাসপোর্ট জালিয়াতিসহ দেশে মোট ৬টি মামলা রয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত