ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানমালা শুরু হচ্ছে আজ। স্থানীয় সরকারি নজরুল একাডেমী মাঠের নজরুল মঞ্চে বিকেল সাড়ে ৩টায় তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে তিনি উপজেলার বৈলর ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘ধরার খাল’ বা বৈলর খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ত্রিশালসহ জেলার গুরুত্বপূর্ণ সড়ক, অনুষ্ঠানস্থল ও জনসমাগম এলাকা সাজানো হয়েছে। সব মিলিয়ে ত্রিশালে এখন উৎসবের আমেজ।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, মূল অনুষ্ঠান হবে ত্রিশাল নজরুল একাডেমি মাঠে। এরই মধ্যে মঞ্চ নির্মাণ, সাজসজ্জা এবং নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্থানীয় প্রশাসন জানায়, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। ময়মনসিংহ জেলা প্রশাসক জানান, ‘সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে।’
স্থানীয় সূত্র জানায়, ২০০৬ সালের পর এবারই প্রথম জাতীয়ভাবে ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ উৎসবকে কেন্দ্র করে সরকারি নজরুল একাডেমি মাঠে বসেছে নজরুল মেলা। এরই মধ্যে সেখানে পাঁচ শতাধিক স্টল বসানো হয়েছে।
