নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল বড় বিলের মধ্যে প্রায় ১১ বছর আগে নির্মিত একটি কালভার্ট এলাকাবাসীর কাছে কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। কালভার্টের দুই পাশে কোনো সংযোগ সড়ক না থাকায় এটি ব্যবহার করা সম্ভব হচ্ছে না।
লোহাগড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সেতু-কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় ২০১৫-১৬ অর্থবছরে ১৯ লাখ ৭৪ হাজার ১৫৬ টাকা ব্যয়ে শালনগর ইউনিয়নের মাকড়াইল পাকা রাস্তা থেকে বিলের মধ্যবর্তী স্থানে ২৪ ফুট দৈর্ঘ্যরে একটি কালভার্ট নির্মাণ করা হয়।
গতকাল বুধবার সকালে মাকড়াইল গ্রামের কৃষক মোহাম্মদ আলী বলেন, খাল নেই, রাস্তা নেই, অকারণে বিলের মধ্যে একটা কালভার্ট নির্মাণ করা হয়েছে। এটা এলাকাবাসীর কোনো কাজে আসছে না। এই বিলে হাজার হাজার মণ পাট, ধান ও রবি শস্য উৎপন্ন হয়। কিন্তু কালভার্টের দুই পাশে কোনো সংযোগ সড়ক না থাকায় সব ফসল মাথায় বহন করে বাড়িতে নিতে হয়। গ্রামবাসী ওবায়দুর রহমান বলেন, কালভার্টের সংযোগ সড়ক না থাকায় চার গ্রামের কৃষকরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অতি দ্রুত আমরা কালভার্টের সংযোগ সড়ক চাই।
নড়াইল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবিএম মনোয়ারুল আলম বলেন, ২০১৫-১৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রকল্পের আওতায় কালভার্টটি নির্মাণকাজ শেষ হয়। এ বছর কাবিখা প্রকল্পের আওতায় দুটি প্রকল্প দেওয়া হয়েছে। আগামী জুনের মধ্যে ওই সংযোগ সড়ক চলাচলের উপযোগী হবে বলে আশা করি।
