গরুর হাটের ইজারা নিয়ে দুপক্ষের সংঘর্ষ টেঁটাবিদ্ধসহ আহত ১২

আপডেট : ২৩ মে ২০২৬, ০৭:২৪ এএম

মুন্সীগঞ্জের সিরাজদীখানে গরুর হাটের ইজারা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন টেঁটাবিদ্ধসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে জেলার উপজেলার বালুচর ইউনিয়নের চর জসিম উদ্দিন গ্রামে শহীদ বাউল ও খোকন সরকারের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। টেঁটাবিদ্ধ অবস্থায় শাকিল সরকার (২৭), আসফাক সরকার (৪৮) ও হৃদয় সরকারকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয়রা জানিয়েছেন, আধিপত্য বিস্তার নিয়ে বালুচর ইউনিয়নের শহীদ বাউল ও খোকন সরকারের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। কোরবানির ঈদ সামনে রেখে বালুচর গরুর হাটের ইজারা নিয়ে ওই দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এ নিয়ে দুই পক্ষের লোকজন গতকাল সকাল সাড়ে ১০টার দিকে চর জসিম উদ্দিন ও বালুচর ব্রিজ এলাকায় মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে লিপ্ত থাকে উভয় পক্ষের লোকজন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বালুচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওলাদ হোসেন বলেন, মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

সিরাজদীখান থানার ওসি আব্দুল হান্নান জানান, গরুর হাটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত