ভারতের পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ঘোষণা দিয়েছিলেন, ভোটে তারা জয়ী হলে আরজি কর ধর্ষণ-হত্যা মামলার বিচার আবার করা হবে। তার সেই প্রতিশ্রুতি পূরণ হলো। রায় হয়ে যাওয়া মামলাটি আবার তদন্তের নির্দেশ এল উচ্চ আদালত থেকে।
গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ এ মামলার আবার তদন্তের জন্য সিবিআইকে নতুন করে একটি বিশেষ তদন্ত কমিটি বা সিট গঠনের নির্দেশ দিয়েছেন। এই কমিটিকে আগামী ২৫ জুনের মধ্যে প্রতিবেদন দিতে হবে। এই লক্ষ্যে তিন সদস্যের একটি বিশেষ তদন্ত টিম বা সিট গঠন করা হয়েছে।
এর আগে এ হত্যা মামলা নিয়ে সিবিআই ২০২৫ সালের ২৮ মার্চ একটি প্রতিবেদন আদালতে দিয়েছিল, সেই প্রতিবেদন পর্যাপ্ত নয় জানিয়ে আবার তদন্তের নির্দেশ দিলেন হাইকোর্ট।
নতুন তদন্ত রাজ্যের রাজনীতি আবার উত্তপ্ত হওয়ার অনুষঙ্গ তৈরি করছে।
২০২৪ সালের ৯ আগস্ট রাতে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হন। তখন ওই ঘটনায় রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। রাস্তায় নামে চিকিৎসকসহ সর্বস্তরের মানুষ। সমালোচনার মুখে পড়তে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৎকালীন তৃণমূল কংগ্রেসের সরকারকেও।
