ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে বিভিন্ন জাতিগত সম্প্রদায়ের মধ্যে বিরোধ ও সংঘাত ক্রমেই প্রকট হয়ে উঠছে। নাগা, কুকি ও জো সম্প্রদায়ের মধ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতা রাজ্যের পাহাড়ি জেলাগুলোতে ছড়িয়ে পড়ছে। ফলে একদিকে যেমন সংঘাতের পরিধি বাড়ছে, অন্যদিকে মানবিক সংকটের সৃষ্টি হচ্ছে রাজ্যটিতে। সংঘাতের কারণে অনেক গ্রামে পৌঁছাচ্ছে না নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর ভিড়। এ বছরের ফেব্রুয়ারিতে মণিপুরের একটি অংশে সংঘাতে জড়িয়ে পড়ে তাংখুল নাগা এবং কুকি-জো আদিবাসীরা। এই সংঘাত এখন রাজ্যের সব পাহাড়ি জেলাতেই বিভেদ ও উত্তেজনা তৈরি করেছে। ক্রমাগত সহিংসতার পাশাপাশি বিদ্বেষপূর্ণ পুরনো সমস্যাগুলো নতুন মাথাচাড়া দিয়ে উঠেছে। গতকাল সোমবার মণিপুরের মুখ্যমন্ত্রী যুমনাম খেমচাঁদ সিং বলেন, চলমান এই অস্থিতিশীলতা রাজ্যটির আন্তঃগোষ্ঠীয় সম্প্রীতি, শিক্ষা ও অর্থনীতির ওপর ভয়াবহ নেতিবাচক প্রভাব ফেলছে।
তাংখুল নেতাদের অভিযোগ, জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিনের চাপা উত্তেজনা থেকেই এই সংঘাতের সূত্রপাত। অন্যদিকে কুকি নেতাদের অভিযোগ কুকি বিদ্রোহী গোষ্ঠী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে চলমান আলোচনা নাগা সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করেছে। তারা জানিয়েছেন, কুকি-অধ্যুষিত এলাকাগুলোতে গুঁড়ো দুধ, ওষুধ কিংবা চাল প্রায় সবকিছুর সরবরাহে বাধাগ্রস্থ হচ্ছে। বাসিন্দারা বলছেন, তারা যেন একটি মহামারী পরিস্থিতি পার করছেন। সামনের দিনে এই সংকট আরও গভীর হওয়ার শঙ্কা তাদের। চলমান অচলাবস্থার জেরে চিকিৎসা কেন্দ্রগুলোতে রোগীদের উপচেপড়া ভিড় দেখা যাচ্ছে। বারান্দায়, এমনকি গেটের বাইরেও শুয়ে আছে রোগীরা। টাইফয়েড ও ডেঙ্গুর প্রকোপের পাশাপাশি ভাইরাসজনিত রোগ ছড়িয়ে পড়ছে দ্রুত। মণিপুরের স্বরাষ্ট্র দপ্তরের তথ্য অনুসারে, রাজ্যের বিভিন্ন ত্রাণশিবির ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ৭৩১ জনের মৃত্যু হয়েছে। পুষ্টি ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক সুযোগ-সুবিধা না পাওয়ার কারণেই ঘটেছে এসব প্রাণহানির ঘটনা।
ভারতের মণিপুর রাজ্যের সমতলে বাস করা মেইতেই সম্প্রদায় হিন্দু ধর্মাবলম্বী। আর পাড়াহের কুকি ও নাগা সম্প্রদায় খ্রিস্টচান ধর্মাবলম্বী। তাদের মধ্যে জাতিগত, ভূমি ও রাজনৈতিক বিরোধ দীর্ঘদিনের। ২০২৩ সালের মে মাসে মেইতেই সম্প্রদায়ের তফসিল স্বীকৃতির দাবিকে কেন্দ্র করে কুকি-নাগা সম্প্রদায়ের সঙ্গে বিরোধ চরমে পৌঁছায়। সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত ২৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়ে ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন অন্তত ৬০ হাজার বাসিন্দা। সাম্প্রতিক এ সহিংসতা তিন বছর ধরে চলা গৃহযুদ্ধেরই নতুন অধ্যায়।
