যুক্তরাষ্ট্রে খাদ্য উৎসবে গুলিতে নিহত ৩, আহত ৪

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০১:০৫ এএম

যুক্তরাষ্ট্রের সিয়াটলে একটি ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় ৩ জন নিহত ও এক শিশুসহ আরও ৪ জন আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় গত রবিবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। সিয়াটল পুলিশ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে জনসাধারণকে ওই এলাকাটি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। তারা জানায়, শহরের কেন্দ্রস্থলে যেখানে ‘বাইট অফ সিয়াটল’ ফেস্টিভ্যাল চলছিল সেখানে গোলাগুলির ঘটনা ঘটেছে এবং পুলিশ এ বিষয়ে তদন্ত করছে।

এ ঘটনায় এক সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। দ্বিতীয় আরেক সন্দেহভাজন জড়িত বলে বিশ্বাস তাদের। এক মিডিয়া ব্রিফিংয়ে সিয়াটল পুলিশ বিভাগের উপপ্রধান টাইরন ডেভিস জানান, কর্মকর্তারা ওই ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছে। সিয়াটলের মেয়র কেটি উইলসন বলেন, ‘এটি এক মর্মস্পর্শী শোচনীয় ঘটনা। আমাদের এই শহরে ও এই দেশে বন্দুক সহিংসতার মাত্রা অনেক বেশি। মাত্র এক সপ্তাহ আগেই সিয়াটলে পর পর কয়েক দিনের মধ্যে বন্দুক সহিংসতার তিনটি বড় ঘটনা ঘটেছে।’ তবে কী কারণে গুলিবর্ষণের এই ঘটনাটি ঘটেছে সে বিষয়ে কর্মকর্তারা কিছু বলেননি বলে জানিয়েছে রয়টার্স। ডেভিস জানান, ঘটনাস্থলে দুই ব্যক্তি একে অপরের দিকে গুলিবর্ষণ করেছে বলে ধারণা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত