মাদক কারবারের আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ৬

আপডেট : ২৩ মে ২০২৬, ০৭:৪৪ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক কারবারের আধিপত্য নিয়ে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় একজন গুলিবিদ্ধসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার তারাবো উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তারাবো এলাকায় মাদক কারবারের আধিপত্য নিয়ে শ্রাবণ-রুবেল গ্রুপের সঙ্গে নাজমুল-নবী গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার রাতে দুই গ্রুপের লোকের মধ্যে বাগবিত-া হয়। এক পর্যায়ে তা সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলিতে রূপ নেয়।

এ সময় দুই গ্রুপ ককটেল ও কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে অন্তত ছয়জন আহত হন। গুলিবিদ্ধ হন শ্রাবণ গ্রুপের রনি নামের এক যুবক। সংঘর্ষ চলাকালে বাড়িঘর, দোকানপাট ও যানবাহনে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পাশাপাশি তারাবো বাজারের কয়েকটি দোকানে লুটপাটের অভিযোগও পাওয়া গেছে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত