ইস্টার্ন ইউনিভার্সিটি এবং ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশন্সের (এফবিএইচআরও) যৌথ উদ্যোগে গতকাল শুক্রবার গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ধানম-িতে হ্যাপি আর্কেডে আলোচনায় দেশের নীতিনির্ধারক, শিক্ষাবিদ, মানবসম্পদ পেশাজীবী ও শিল্প খাতের নেতারা আসন্ন বাজেট নিয়ে তাদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।
ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য ও এফবিএইচআরওর সহ-সভাপতি প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যৎমুখী বাজেট প্রণয়নের ওপর গুরুত্বারোপ এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা ও উদ্ভাবনের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। একইসঙ্গে অর্থনীতি ও কর্মবাজারের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নীতি প্রণয়নে একাডেমিয়া, শিল্প খাত ও সরকারের মধ্যে সমন্বয় জোরদারে গুরুত্বারোপ করেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন এফবিএইচআরওর প্রতিষ্ঠাতা সভাপতি ড. মোশাররফ হোসেন। তিনি কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়ে আসন্ন বাজেটের জন্য বিভিন্ন প্রত্যাশা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বোর্ড সদস্য আবুল কাসেম হায়দার, এফবিএইচআরওর মহাসচিব ও এসএলএসডির প্রেসিডেন্ট প্রফেসর মঈনউদ্দিন চৌধুরী, মাইজবসের সিইও মো. কামরুজ্জামান সবুজ, সিএসডি একাডেমির সিইও এম. শফাক হোসেন, ইউএন উইমেন বাংলাদেশের ন্যাশনাল কনসালটেন্ট মিস নিলুফার আহমেদ করিম এবং ইস্টার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. আবুল বাশার খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইস্টার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের এসোসিয়েট প্রফেসর এমবিএর পরিচালক তাসনুভা রহমান।
আলোচকরা মানবসম্পদ উন্নয়ন, যুব দক্ষতা বৃদ্ধি, নারীর কর্মসংস্থান, শিল্প-একাডেমিয়া সহযোগিতা, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং প্রশিক্ষণ কার্যক্রমে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বাজেটে অধিক বরাদ্দের ওপর গুরুত্বারোপ করেন।
