ঈদেই ফিরছেন শুভ-মিম

আপডেট : ২৪ মে ২০২৬, ১২:৫৮ এএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। লাক্স চ্যানেল আই সুপারস্টার হওয়ার পর প্রথমেই ক্যারিয়ার শুরু করেন চলচ্চিত্র দিয়ে। দীর্ঘদিনের অভিনয় জীবনে কর্মক্ষেত্রে তাকে নিয়ে কখনো কারও কোনো অভিযোগ নেই। নাটকের পাশাপাশি ক্যারিয়ারে অনেকগুলো সিনেমায় অভিনয় করলেও মাঝখানে তেমন সাফেল্যের দেখা পাননি এই লাক্সকন্যা। সর্বশেষ ‘পরান’ ও ‘দামাল’ চলচ্চিত্র দিয়ে নতুন করে জ্বলে উঠেছিলেন মডেল-অভিনেত্রী মিম। এরপর কোনো উল্লেখযোগ্য সিনেমা ছিল না তার হাতে। অভিনয় থেকেও দূরে ছিলেন তিনি। গত বছরের শেষের দিকেই মিম জানান দিয়েছিলেন, ২০২৬ সালে নতুন চমক নিয়ে দর্শকের কাছে ফিরবেন তিনি। নিজের সেই কথার সত্যতা প্রমাণ করতে প্রত্যাবর্তন করছেন তিনি। তরুণ চিত্র পরিচালক সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ সিনেমাটির মাধ্যমে বিরতি ভেঙে  এবারের ঈদেই বড় পর্দায় আসছেন আরিফিন শুভ ও মিম জুটি। এই সিনেমা দিয়ে দীর্ঘ সাত বছর বড় পর্দায় একসঙ্গে ফিরছেন তারা। এরই মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া ছবিটির দুটি পোস্টার প্রকাশ করেছে। একটি পোস্টারে মিমকে রোমান্টিক আবহে এবং অন্যটিতে আরিফিন শুভকে সম্পূর্ণ অ্যাকশন লুকে দেখা যাচ্ছে।

২০২৫ সালের শেষ দিকে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমকে নিয়ে সাইফ চন্দন শুরু করেন ‘মালিক’ সিনেমার শুটিং। শোনা গিয়েছিল রোজার ঈদে মুক্তি পাবে সিনেমাটি। শুটিং শেষ না হওয়ায় তা আর হয়নি। এর পর থেকে শোনা যাচ্ছে কোরবানির ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মালিক। তবে আসছিল না আনুষ্ঠানিক ঘোষণা। অবশেষে গত বুধবার রাতে পরিবেশক সংস্থা টাইগার মিডিয়া থেকে পোস্টার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয় ঈদে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

সিনেমায় শুভকে দেখা যাবে জেদি এক যুবক হিসেবে। যে তার মায়ের সম্মান আর অধিকার আদায়ের জন্য প্রতিশোধের মিশনে নামে। একসময় সে হয়ে ওঠে ক্ষমতাধর মানুষ। অপরাধ জগতের একচ্ছত্র মালিক। এই চরিত্রে আছেন আরিফিন শুভ। বিদ্যা সিনহা মিমকেও দেখা যাবে অ্যাকশন অবতারে। এর জন্য মার্শাল আর্ট ও অ্যাকশন কোরিওগ্রাফির প্রশিক্ষণ নিয়েছেন তিনি। নির্মাতা সাইফ চন্দন বলেন, ‘অ্যাকশন ঘরানার সিনেমা হলেও এতে সুন্দর একটি গল্প আছে। অভিনয়শিল্পীরা সবাই দারুণ করেছেন। সিনেমাটির পোস্টার, গান ও ট্রেলার দেখার পর দর্শক আরও চমকে যাবে। আশা করছি দর্শকের জন্য উপভোগ্য একটি সিনেমা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত