আজ থেকে নতুন শুরু

আপডেট : ২৪ মে ২০২৬, ১২:৩৪ এএম

অনেক প্রতীক্ষার পর শ্রোতাপ্রিয় গায়িকা ও উপস্থাপক দিঠি আনোয়ার শুরু করছেন ক্যারিয়ারের নতুন এক অধ্যায়। দীর্ঘদিন ধরেই দিঠি আনোয়ার পরিকল্পনা করে আসছিলেন তার নিজের নামে একটি ইউটিউব চ্যানেল করার। আজ রবিবার বিকেল ৫টায় রাজধানীর তেজগাঁওয়ের একটি খ্যাতনামা কফিশপে চ্যানেলের যাত্রা শুরু হচ্ছে।

 দিঠির বাবা  প্রখ্যাত সংগীতজ্ঞ  ও চলচ্চিত্র ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ারের লেখা শেষ গান ‘মেঘলা আকাশ’ প্রকাশের মধ্য দিয়েই খুলছে চ্যানেলটি। দিঠি আনোয়ার বলেন, ‘খুব কাছের কিছু প্রিয় শিল্পী, সাংবাদিক এবং বন্ধুবান্ধবকে নিমন্ত্রণ করেছি আমার ইউটিউব চ্যানেলে যাত্রা শুরুর এই সময়টাকে স্মরণীয় করে তুলতে। কারণ আমার অনেকদিনের ইচ্ছা ছিল নিজের নামে একটি ইউটিউব চ্যানেল করার। অবশেষে এই চ্যানেলের যাত্রা শুরু হচ্ছে আমার আব্বুরই লেখা শেষ গান মেঘলা আকাশ দিয়ে।

গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছে অপু আমানই। আব্বুর লেখা গান আসলে কেমন হতে পারে তা বিগত কয়েকটা দশকের শ্রোতা-দর্শকরা বেশ ভালো জানেন। আমি আর নতুন করে কিছু বলতে চাই না। শুধু এতটুকুই বলব, এই গান শুনলে সবারই ভীষণ ভালো লাগবে।’

 দিঠি জানান, এখন থেকে নিয়মিত তার চ্যানেলে তার নিজের গাওয়া গান প্রকাশ পাওয়ার পাশাপাশি অন্য শিল্পীদেরও গান প্রকাশ পেতে পারে ইউটিউবকে নিয়মিত সচল রাখার জন্য।

অনেক কিছুই পরিকল্পনা আছে তার। সময় হলেই সবাইকে জানান দেবেন তিনি। এদিকে এরই মধ্যে আরটিভির সরাসরি গানের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন দিঠি ও রিজিয়া পারভীন।

 জিটিভির একটি ঈদ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তিনি। এ ছাড়া ডিবিসি চ্যানেলের পরম্পরা অনুষ্ঠানেও অংশগ্রহণ করেছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত