প্রধান চরিত্রে সুনেরাহ
প্রথম সিনেমাতেই সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সুনেরাহ বিনতে কামাল এখন অভিনয়ের সব শাখাতেই কাজ করছেন। কয়েক দিন আগে শেষ হওয়া ফ্যামিলি ড্রামা ‘এটা আমাদেরই গল্প’তে অভিনয় করে বেশ প্রশংসা কুড়ান তিনি। এই নাটকের পর সুনেরাহকে এবার ঈদের বিশেষ একটি নাটক নির্মাণ করলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ‘দ্য অভিযান’ নামের এই নাটকের শুটিং শেষ হলো সম্প্রতি কক্সবাজারের বেশ কয়েকটি লোকেশনে। বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত এতে প্রধান চরিত্রে দেখা যাবে সুনেরাহকে। এতে আরও অভিনয় করেছেন খায়রুল বাসার, অ্যালেন শুভ্র, রেহান, তাবাসসুম ছোঁয়া, মালাইকা চৌধুরী, শিরতাজ জেবিন। এরইমধ্যে নাটকের নাম প্রকাশ করে একটি পোস্টার ছেড়েছেন সংশ্লিষ্টরা।
যেখানে দেখা যাচ্ছে, এক রাতে ট্রেনের একটি বগি রেললাইন দিয়ে কক্সবাজারের দিকে ছুটে চলেছে। সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে ট্রেন জার্নির সঙ্গে নতুন কয়েকজন বন্ধুর গল্প উঠে আসবে এই নাটকে। নির্মাতা সূত্রে জানা গেছে, একটি বেসরকারি টেলিভিশনে প্রচারের পর ‘দ্য অভিযান’ আসন্ন ঈদুল আজহায় সিনেমাওয়ালা ইউটিউবে মুক্তি পাবে।
‘হঠাৎ কোটিপতি’ নিলয়
আসলাম একজন ব্যর্থ যুবক। চাকরি, ব্যবসা যেখানেই হাত দেয় সেখানেই ব্যর্থ সে। এ নিয়ে প্রেমিকা সামিরার সঙ্গেও সম্পর্কের টানাপড়েন চলে। এক সময় সামিরা তাকে ছেড়ে চলে যায়। ব্যর্থ মানুষের সঙ্গে জীবন কাটাতে চায় না সে। আসলাম মানসিকভাবে ভেঙে পড়ে। হতাশাগ্রস্ত হয়ে সিদ্ধান্ত নেয় আত্মহত্যা করবে। এমন সময় দরজায় কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে দেখে একজন উকিল এসেছেন। উকিল জানান, তিনি অনেক দিন ধরে আসলামকে খুঁজছেন। এ রকম এক গল্প নিয়ে নির্মিত নাটক ‘হঠাৎ কোটিপতি’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত ৮টায় মাছরাঙা টিভিতে। অনামিকা ম-লের রচনা ও মিতুল খানের পরিচালনায় এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর। বিপরীতে রয়েছেন সামিরা খান মাহি প্রমুখ।
