ভোলায় ফের বিরল গুইসাপ উদ্ধার

আপডেট : ২৪ মে ২০২৬, ১২:৪৪ এএম

ভোলার তজুমদ্দিন উপজেলায় আবারও উদ্ধার হয়েছে বিরল প্রজাতির একটি বিশালাকৃতির গুইসাপ। প্রায় ৩৭ কেজি ওজনের ও সাড়ে ৭ ফুট লম্বা ‘মনিটর লিজার্ড’ প্রজাতির এ প্রাণীটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল ১১টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের আনন্দবাজার সংলগ্ন একটি বাগান থেকে গুইসাপটি উদ্ধার করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এক ব্যক্তি বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হলে বাগানের পাশের ঝোপে অস্বাভাবিক নড়াচড়া দেখতে পান। কাছে গিয়ে তিনি দেখতে পান, একটি অদ্ভুত প্রাণী ছাগলের বাচ্চা খাচ্ছে। বিষয়টি দেখে তিনি আশপাশের লোকজনকে ডাক দেন। পরে স্থানীয়রা একত্র হয়ে প্রাণীটিকে ঘেরাও করে আটক করেন। পরে নিশ্চিত হওয়া যায়, সেটি বিরল প্রজাতির একটি বড় আকারের গুইসাপ।

খবর পেয়ে ভোলা উপকূলীয় বন বিভাগের দৌলতখান রেঞ্জের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে গুইসাপটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।

ভোলা উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. মনিরুজ্জামান জানান, উদ্ধার হওয়া প্রাণীটি ‘মনিটর লিজার্ড’ প্রজাতির গুইসাপ। সাধারণত এ ধরনের বড় আকারের গুইসাপ খুব কম দেখা যায়। বর্তমানে প্রাণীটি বন বিভাগের তত্ত্বাবধানে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সুস্থ ও অবমুক্ত করার উপযোগী হলে পরে সংরক্ষিত বনে ছেড়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘গুইসাপ প্রকৃতির গুরুত্বপূর্ণ প্রাণী। খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসায় অনেক সময় মানুষের হাতে ধরা পড়ে। এদের আবাসস্থল ও খাদ্যের উৎস রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।’

এর আগে চলতি মাসের ৭ মে ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ এলাকা থেকেও প্রায় ৪০ কেজি ওজনের ও ৯ ফুটের বেশি দৈর্ঘ্যের আরেকটি বিরল গুইসাপ উদ্ধার করা হয়েছিল। পরে চিকিৎসা শেষে সেটিকে সংরক্ষিত বনে অবমুক্ত করে বন বিভাগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত