আল্লাহর সন্তুষ্টির জন্য পবিত্র হজ পালনের উদ্দেশে প্রতি বছর মক্কায় সমবেত হন লাখো ধর্মপ্রাণ মুসলমান। গতকাল শনিবার বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শেষ হয়েছে। সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশ থেকে নিবন্ধিত সব হজযাত্রী।
ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে জানানো হয়, এখন পর্যন্ত হজ ফ্লাইটে ব্যবস্থাপনা সদস্যসহ সৌদি আরবে পৌঁছেছেন ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী। এবার মোট ২০১টি ফ্লাইটে সরকারি মাধ্যমে ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি মাধ্যমে ৭৩ হাজার ৯২৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এদিকে এখন পর্যন্ত ২৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদিতে মারা গেছেন। তার মধ্যে ১৭ জন পুরুষ, ৭ জন নারী রয়েছেন। মক্কায় ১৫ জন ও মদিনায় ৯ জন মারা গেছেন। সবাইকে মক্কা ও মদিনায় দাফন করা হয়েছে।
