সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) সাবেক সভাপতি, আওয়ামী লীগের (এখন কার্যক্রম নিষিদ্ধ) উপদেষ্টা পরিষদের সদস্য ও জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৮ বছর।
১৯৩৬ সালের ১৪ নভেম্বর ভোলা জেলায় জন্মগ্রহণ করেন ইউসুফ হোসেন হুমায়ুন। ১৯৫৪ সালে ঢাকা জিলা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করার পর বরিশাল বিএম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ও আইন শাস্ত্রে ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বরিশাল ও ঢাকার বিভিন্ন রণাঙ্গনে নেতৃত্ব দেন ইউসুফ হোসেন হুমায়ুন। ১৯৭৩ সালের স্বাধীন বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বরিশালের বাকেরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন।
