ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ ঘটনায় আবাসিক ভবন, স্কুল ক্ষতিগ্রস্ত হয় এবং একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রবিবার (২৪ মে) স্থানীয় সময় রাত ১টার পরপরই কিয়েভে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইউক্রেনীয় বিমান বাহিনী টেলিগ্রামে সম্ভাব্য ওরেশনিক হামলার সতর্কতা দেয়ার পরপরই এই হামলা শুরু হয়।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলেন, রাজধানীর কেন্দ্রীয় শেভচেঙ্কো জেলায় ৯তলা একটি আবাসিক ভবনে হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে জরুরি সেবা বিভাগের কর্মীরা কাজ করছেন।
শহরের সামরিক প্রশাসনের তথ্যমতে, রাতভর চালানো এ হামলায় অন্তত ২০ জন আহত হন। এদিকে বৃহত্তর কিয়েভ অঞ্চলে আরও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন গভর্নর মাইকোলা কালাশনিক।
হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন এবং শহরের বিভিন্ন এলাকায় একাধিক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, শহরের কেন্দ্রস্থলের একটি স্কুল প্রাঙ্গণে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আগুন ধরে যায়।
