জামায়াতের শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন?

আপডেট : ২৪ মে ২০২৬, ০৪:১৩ পিএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের মধ্যে বেশিরভাগই নিজ নিজ এলাকায় পরিবার ও স্থানীয়দের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। তবে দলের কয়েকজন শীর্ষ নেতা ঢাকায় ঈদ উদযাপন করবেন।

রবিবার (২৪ মে) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান পবিত্র হজ পালনে সৌদি আরবে গেছেন। তিনি সেখানেই পবিত্র ঈদুল আজহা উদযাপন এবং পশু কোরবানি করবেন। এরই মধ্যে তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন। উল্লেখ্য, গত ঈদুল ফিতরে তিনি তার সরকারি বাসভবনে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

জামায়াতের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ ঢাকায় ঈদ উদযাপন করবেন।

দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনার খানজাহান আলী থানার নিজ গ্রামে এবং নায়েবে আমির মাওলানা শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নিজ গ্রামে ঈদ করবেন।

এছাড়া দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম কুমিল্লার লাকসাম উপজেলার নিজ এলাকার ঈদগাহ মাঠে, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নওকৈড় নিজ গ্রামে এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ভাঙ্গাপুষ্কুরুনী নিজ গ্রামে ঈদ উদযাপন করবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল বরিশালের নিজ গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সিলেটের নিজ গ্রামে এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. শাহজাহান চট্টগ্রাম মহানগরীতে এবারের পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত