ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৫:২৬ এএম

আর্জেন্টিনার কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ব্রাজিলের বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে প্রকাশ্য জনসভায় ‘চোর’, ‘দণ্ডপ্রাপ্ত আসামি’ এবং ‘সমাজতান্ত্রিক আবর্জনা’ বলে কটূক্তি করেছেন। 

এই ঘটনার জেরে দুই প্রতিবেশী দেশের মধ্যে চরম কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে এবং ব্রাজিল আর্জেন্টিনা থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে।

দেশটির মতে, আর্জেন্টিনার প্রেসিডেন্টের এসব মন্তব্য ব্রাজিলের সরকার, জনগণ ও গণতন্ত্রকে চরমভাবে অবমাননা করেছে। এক অনুষ্ঠানে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কারো নাক গলানো বরদাস্ত করা হবে না। বহিরাগত কোনো হস্তক্ষেপ ছাড়াই তিনি দেশ পরিচালনা করে যাবেন। 

এমতাবস্থায় আর্জেন্টিনায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত হুলিও বিতেলির সোমবারের মধ্যে দেশে ফেরার কথা। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা দুর্নীতি, ঘুষ ও কেলেঙ্কারির মামলায় ২০১৮ সালে ১২ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। তবে ১৮ মাসের কিছু বেশি সময় কারাভোগের পরেই মুক্তি পান তিনি।

২০২১ সালে দেশটির সুপ্রিম কোর্ট তার সেই সাজা বাতিল ঘোষণা করেন। এর পরের বছরই প্রেসিডেন্ট নির্বাচনে তৎকালীন উগ্র ডানপন্থি প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে হারিয়ে ৫০ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট হন লুলা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত