দাসপ্রথার জন্য পোপের ক্ষমা প্রার্থনা

আপডেট : ২৬ মে ২০২৬, ০১:২৮ এএম

দাসপ্রথার জন্য অবশেষে ক্ষমা প্রার্থনা করেছেন পোপ লিও চতুর্দশ। শত শত বছর ধরে দাসপ্রথার বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ হওয়ায় রোমান ক্যাথলিক চার্চের পক্ষ থেকে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। সোমবার (২৫ মে) তাঁর প্রকাশিত প্রথম এনসাইক্লিক ‘ম্যাগনিফিকা হিউম্যানিটাস’-এ তিনি এই ঘোষণা দেন। আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে এই খবর জানানো হয়।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পোপ লিও চতুর্দশ ‘হলি সি’ দাসপ্রথাকে বৈধতা দেওয়ার ক্ষেত্রে যে ভূমিকা পালন করেছিল এবং শত শত বছর ধরে এই অমানবিক প্রথা দমনে ব্যর্থ হওয়ার জন্য তিনি ক্ষমা চেয়েছেন। একইসঙ্গে, এই ইতিহাসকে ‘খ্রিস্টীয় স্মৃতির ক্ষত’ বলে অভিহিত করেছেন।

ক্ষমা প্রার্থনা করে পোপ লিও চতুর্দশ আরও বলেন, ‘সৃষ্টিকর্তার সীমাহীন ভালোবাসার পাত্র হলেন মানুষ। সেজন্য তাদের মর্যাদাও দিয়েছেন অনেক। তবে তার বিপরীতে দাসপ্রথার জন্য তাদের যে অবর্ণনীয় কষ্ট ও লাঞ্ছিত হতে হয়েছে তা চিন্তা করলে ব্যথিত না হওয়া প্রায় অসম্ভব। এই অপরাধের জন্য আমি চার্চের পক্ষ থেকে বিনম্রভাবে ক্ষমা চাইছি।’

উল্লেখ্য, পোপ লিও চতুর্দশ ইতিহাসের প্রথম মার্কিন বংশোদ্ভূত পোপ। তাঁর পারিবারিক ইতিহাসে ক্রীতদাস মালিকদের নাম আছে। আবার ক্রীতদাসের উত্তরসূরি হওয়ার ইতিহাসও আছে।

জানা গেছে, তাঁর ১৭ জন আমেরিকান পূর্বপুরুষ কৃষ্ণাঙ্গ বা মিশ্র জাতির ছিলেন। নিজের এই ব্যক্তিগত ও ঐতিহাসিক প্রেক্ষাপট থেকেই তিনি চার্চের দায়বদ্ধতার বিষয়টি সামনে এনেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত