যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরের প্রাণকেন্দ্রে আয়োজিত একটি খাবারের উৎসবে (ফুড ফেস্টিভ্যাল) রবিবার (২৬ জুলাই) সন্ধ্যায় এক ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় দুই বছরের এক শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন এবং নিহত হয়েছেন দুইজন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, রবিবার সন্ধ্যায় সিয়াটলের মূল শহর এলাকায় একাধিক ব্যক্তির ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় সিয়াটল পুলিশ বিভাগ জনসাধারণকে ঘটনাস্থল এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে। পুলিশ জানায়, ‘অনুগ্রহ করে সবাই এলাকাটি এড়িয়ে চলুন। সিয়াটল সেন্টারে ‘‘বাইট অব সিয়াটল’’ ফুড ফেস্টিভ্যাল চলাকালে গুলির ঘটনাটি ঘটেছে। একাধিক মানুষ গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে পুলিশ ঘটনাটির তদন্ত করছে।’
সিয়াটল ফায়ার সার্ভিসের বরাত দিয়ে ‘দ্য সিয়াটল টাইমস’ এবং স্থানীয় টিভি স্টেশন ‘কোমো’ জানিয়েছে, এই হামলায় দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও পাঁচজন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দ্য সিয়াটল টাইমস আরও জানায়, স্থানীয় সময় সন্ধ্যা প্রায় ৬টার দিকে (গ্রিনিচ মান সময় অনুযায়ী রাত ০১:০০ টা) হঠাৎই তারা বেশ কয়েকটি গুলির শব্দ শুনতে পান। উৎসবে উপস্থিত মানুষের আনন্দের মুহূর্ত মুহূর্তের মধ্যেই আতঙ্ক ও হাহাকারে রূপ নেয়।
সূত্র: রয়টার্স