এবারের কোরবানি ঈদেও অন্যবারের মতো রয়েছে রকমারি অনুষ্ঠানমালা। দেশের প্রায় সবকটি টিভি চ্যানেলই সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের পসরা সাজিয়েছে। নাটক, টেলিফিল্ম ও সিনেমার পাশাপাশি তারকা আড্ডা, নৃত্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠানসহ রয়েছে বিভিন্ন আয়োজন। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি অনুষ্ঠান তুলে ধরা হলো এই প্রতিবেদনে
চাঁদরাতে ‘উৎসবে আনন্দে’
পবিত্র ঈদুল আজহার আগের রাতে আনন্দ-উচ্ছ্বাস দর্শকদের সঙ্গে ভাগ করে নিতে প্রতি বছরের মতো এবারও বিশেষ আয়োজন নিয়ে হাজির হচ্ছে বাংলাভিশন। বিশেষ অনুষ্ঠান প্রচারের ধারাবাহিকতায় এবারের আয়োজনে থাকছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘উৎসবে আনন্দে’। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে ঈদের আগের দিন রাত ৮টা ১৫ মিনিটে। ঈদের আগের রাতকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে বাংলাভিশনের এই আয়োজন বরাবরই আলাদা আগ্রহ সৃষ্টি করেছে। সেই প্রত্যাশাকে সামনে রেখে এবারের পর্বেও থাকছে সুর, উৎসব ও ঐতিহ্যের মনোমুগ্ধকর মেলবন্ধন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী সুলতানা ইয়াসমিন লায়লা, সাগর বাউল এবং কানিজ খন্দকার মিতু। তাদের কণ্ঠে পরিবেশিত হবে বাংলা গানের কালজয়ী ও জনপ্রিয় সব চিরায়ত গান, যা দর্শকদের চাঁদরাতের আনন্দকে আরও বর্ণিল করে তুলবে।
জমকালো ‘ঈদ আনন্দমেলা’
ঈদের অনুষ্ঠান মানেই সবার আগে নাম আসে ম্যাগাজিন অনুষ্ঠান ঈদ আনন্দমেলা। দর্শকের বিশেষ আকর্ষণ বিটিভির এবারের আনন্দমেলা সাজানো হয়েছে আরও নতুন আঙ্গিকে এবং বর্ণিল আয়োজনে। জনপ্রিয় সব তারকার অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টায়। আফরোজা সুলতানা, মো. হাসান রিয়াদ, ইয়াসির আরাফাত ও ইয়াসমিন আক্তারের যৌথ প্রযোজনায় অনুষ্ঠানটির মাধ্যমে প্রথমবার উপস্থাপনা করছেন অভিনেতা আফরান নিশো। অনুষ্ঠানে বিশেষ কোরিওগ্রাফির মাধ্যমে ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেয়ো না’ গানে নতুনভাবে হাজির হবেন উপমহাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী রুনা লায়লা। অপরদিকে ‘কাল সারা রাত ছিল স্বপ্নের রাত’ গান পরিবেশনায় রয়েছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। এই গানের কোরিওগ্রাফিতে দেখা যাবে অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনী ও শাওনকে। অনুষ্ঠানে আরও থাকছে সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ, ন্যান্সি ও ইমরানের গান। অনুষ্ঠানের নৃত্য পরিবেশনাতেও থাকছে বৈচিত্র্য। ‘রূপনগরের রাজকন্যা’ সাজে নৃত্য পরিবেশন করবেন মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। আর ‘দূর দ্বীপবাসিনী’ গানে নৃত্য পরিবেশন করবেন মেহজাবীন চৌধুরী ও সাবিলা নূর। নৃত্য পরিচালনায় ইভান শাহরিয়ার সোহাগ ও নৃত্যভূমি। দর্শক অংশগ্রহণে ‘রঙ’ শিরোনামের একটি বিশেষ পর্বে উপস্থিত থাকবেন চিত্রনায়িকা পরীমনি। পাশাপাশি সময়ের আলোচিত কয়েকজন তারকার রয়েছে কুইজ শো। এখানে অংশগ্রহণ করবেন কেয়া পায়েল, আতিয়া আনিসা, জেফার রহমান, ফররুখ আহমেদ রেহান, ফারহান আহমেদ জোভান এবং খায়রুল বাসার। একটি বিশেষ পারফরম্যান্স নিয়ে হাজির হবেন কৌতুকশিল্পী আবু হেনা রনি।
গল্প-গানে ‘যমুনার নিমন্ত্রণে’
দেশের তিন কিংবদন্তিকে নিয়ে সংগীত বিষয়ক বায়োগ্রাফিক্যাল অনুষ্ঠানের আয়োজন করছে যমুনা টেলিভিশন। অনুষ্ঠানের নাম ‘যমুনার নিমন্ত্রণে’। তিন পর্বের এই অনুষ্ঠানের প্রযোজক সফিক পাহাড়ি। প্রতিটি পর্বে একজন করে সংগীতের কিংবদন্তিকে অনুষ্ঠানে ডাকা হবে। তিনজন অতিথি হলেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদী ও খান আশিকুর রহমান আগুন। অনুষ্ঠানে অতিথিরা তাদের জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করবেন। অনুষ্ঠানের বিশেষ দিক হলো অতিথিকে না জানিয়ে তার জীবনের খুব কাছাকাছি কিছু মানুষকে স্টুডিওতে হাজির করা হবে যা দেখে অতিথি ফিরে যাবেন তার অতীতে এবং তা নিয়ে পর্যালোচনা করবেন। এই তিন অতিথির গাওয়া বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশন করবেন এই প্রজন্মের কয়েকজন শ্রোতাপ্রিয় শিল্পী। ঈদের প্রথম দিন এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন। অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি তার গান পরিবেশন করবেন মোমিন বিশ্বাস ও নওশীন তাবাসসুম স্মরণ। দ্বিতীয় দিন দেশের আরেক কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদী গল্পে গল্পে জানাবেন তার জীবনের নানা কথা। এদিন তার গাওয়া গান পরিবেশন করবেন মৌমিতা তাশরিন নদী ও ক্লোজআপ ওয়ান খ্যাত শিল্পী আতিক। তৃতীয় দিন জনপ্রিয় শিল্পী আগুন নানা গল্পের পাশাপাশি গেয়ে শোনাবেন তার কিছু জনপ্রিয় গান। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জুলহাজ্জ জুবায়ের। এটি ঈদের তিন দিন রাত ১১টায় সম্প্রচার হবে।
বিশেষ টেলিফিল্ম
ঈদের প্রথম দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত সাড়ে ১১টায় মাছরাঙা টিভিতে প্রচারিত হবে ৭টি বিশেষ টেলিফিল্ম। ঈদের দিন রয়েছে ‘কাকার টিকটকার বউ’। আল আমিন স্বপনের রচনায় এটি পরিচালনা করেছেন মোহন আহমেদ। অভিনয়ে মোশাররফ করিম, তাসনুভা তিশা প্রমুখ। দ্বিতীয় দিন অনামিকা মন্ডলের রচনায় ও সোহেল হাসানের পরিচালনায় ‘ডাবল প্রেশার’। অভিনয়ে নিলয়, তাসনুভা তিশা প্রমুখ। তৃতীয় দিন প্রচারিত হবে হটম্যান’। মোহন আহমেদ পরিচালিত এই টেলিফিল্মটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, তাসনুভা তিশা প্রমুখ।
অনিক বিশ্বাসের রচনা ও পরিচালনায় ‘প্যারাডাইস’ দেখা যাবে ঈদের চতুর্থ দিন। এতে জুটি হয়েছে রেহান ও আইশা খান। তৌসিফ ও সাদনিমা অভিনীত ‘আপন পর’ প্রচারিত হবে পঞ্চম দিন। মেজবাহ উদ্দিন সুমনের রচনায় এটি পরিচালনা করেছেন রুবেল হাসান। ষষ্ঠ দিন প্রচারিত হবে ‘বেপরোয়া’। অবয়ব সিদ্দিকীর রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন রায়হান মাহমুদ। অভিনয়ে মুশফিক ফারহান, কেয়া পায়েল প্রমুখ। মুশফিক ফারহান ও হিমি অভিনীত ‘বাড়ির ছোট ছেলে’ দেখা যাবে সপ্তম দিন। অনামিকা ম-লের রচনায় এটি পরিচালনা করেছেন নাজমুল রনি।