ব্যাংক ব্যবসা সম্প্রসারণে নতুন শাখা, উপশাখা, বুথ, এসএমই সেবাকেন্দ্র, সেলস সার্ভিস, ইউনিট অফিস, বিজনেস হাব ও ব্যবসা উন্নয়নকেন্দ্র স্থাপনের আগে বাংলাদেশ ব্যাংকের নীতিগত অনুমোদন নিতে হবে। নির্দিষ্ট পঞ্জিকা বছরে স্থাপনযোগ্য সব ধরনের ব্যবসাকেন্দ্রের পরিকল্পনা আগের বছরের ৩০ নভেম্বরের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে হবে।
গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ (বিআরপিডি-১) এ নির্দেশনা দিয়ে ‘ব্যাংক ব্যবসাকেন্দ্র স্থাপন, স্থানান্তর, ভাড়া/ইজারা গ্রহণ ও চুক্তি নবায়ন সংক্রান্ত গাইডলাইন্স, ২০২৬’ জারি করেছে। নতুন নির্দেশনায় ব্যাংক ব্যবসা সম্প্রসারণের অনুমোদন প্রক্রিয়া সহজ ও গতিশীল করার পাশাপাশি শহর ও পল্লী এলাকায় আনুপাতিক হারে ব্যাংকিং সেবা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
গাইডলাইন্স অনুযায়ী, নতুন ব্যবসাকেন্দ্র স্থাপনের জন্য ব্যাংকের পরিচালনা পর্ষদ অনুমোদিত ‘বার্ষিক ব্যাংক ব্যবসা সম্প্রসারণ পরিকল্পনা’, পর্ষদের সিদ্ধান্তের প্রামাণিক দলিল এবং নির্ধারিত তথ্যসহ বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি-১ এর কাছে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট ব্যাংকের আর্থিক সক্ষমতা, ঋণমান, শাখা ব্যবস্থাপনা, আমানতকারীদের সেবা দেওয়ার সক্ষমতা এবং অনিয়মের অভিযোগসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে ব্যবসা সম্প্রসারণের প্রাপ্যতা নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক।
নীতিগত অনুমোদন পাওয়ার পর নির্দিষ্ট অঞ্চল বা ভবন নির্বাচন করে শাখা স্থাপনের জন্য চূড়ান্ত অনুমোদন নিতে হবে। শহর ও পল্লী শাখার নির্ধারিত অনুপাতও বজায় রাখতে হবে। একটি শহর শাখার আবেদনের পর পরবর্তী আবেদন পল্লী শাখার হতে হবে। অনুপাত ঠিক না থাকলে নীতিগত অনুমোদন থাকলেও শহর শাখার আবেদন অনুমোদন করা হবে না।
নীতিগত অনুমোদন শুধু সংশ্লিষ্ট পঞ্জিকা বছরের জন্য কার্যকর থাকবে। নির্ধারিত সময়ে শাখা স্থাপন না হলে অনুমোদন পরবর্তী বছরে কার্যকর থাকবে না। এ ছাড়া চূড়ান্ত অনুমোদনপত্রে নির্ধারিত সময়ের মধ্যে শাখা স্থাপন না করলে অনুমোদন বাতিল বলে গণ্য হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক ব্যবসা কেন্দ্র সম্প্রসারণে সুশাসন নিশ্চিত করা, অপ্রয়োজনীয় ব্যয় কমানো, সব ব্যাংকের জন্য সমান প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি এবং শহর ও গ্রামীণ এলাকায় ভারসাম্যপূর্ণ ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই নতুন গাইডলাইন প্রণয়ন করা হয়েছে।
নতুন নীতিমালায় প্রধান কার্যালয়, শাখা, উপশাখা, এসএমই ও কৃষি শাখা, এটিএম, সিডিএম, কালেকশন বুথ, ফরেন এক্সচেঞ্জ বুথ, বিজনেস হাব, সেলস সেন্টার, সার্ভিস সেন্টারসহ সব ধরনের ব্যাংক ব্যবসা কেন্দ্রকে একই কাঠামোর আওতায় আনা হয়েছে। প্রতিটি কেন্দ্র স্থাপন, স্থানান্তর, ভাড়া, ইজারা ও চুক্তি নবায়নের জন্য আলাদা নির্দেশনা নির্ধারণ করা হয়েছে।