পারমাণবিক সাবমেরিন তৈরির পথে দক্ষিণ কোরিয়া

আপডেট : ২৬ মে ২০২৬, ১২:৪১ পিএম

উত্তর কোরিয়ার পারমাণবিক ও সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি মোকাবিলায় প্রথমবারের মতো পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির পরিকল্পনা নিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রতিরক্ষামন্ত্রী আহন গ্যু-বাক মঙ্গলবার জানিয়েছেন, নতুন কর্মসূচির আওতায় ২০৩০-এর দশকের মাঝামাঝি সময়ে দক্ষিণ কোরিয়া তাদের প্রথম পারমাণবিক সাবমেরিন চালু করার লক্ষ্য নিয়েছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী দীর্ঘদিন ধরেই উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। বিশেষ করে পিয়ংইয়ংয়ের সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা সিউলের জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করেছে।

বিশ্লেষকদের মতে, পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন সাধারণ ডিজেলচালিত সাবমেরিনের তুলনায় দীর্ঘ সময় পানির নিচে অবস্থান করতে পারে এবং আরও দূরবর্তী এলাকায় গোপনে অভিযান পরিচালনায় সক্ষম। ফলে এটি দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা কৌশলে বড় পরিবর্তন আনতে পারে।

এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নিরাপত্তা জোট আওতায় পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি নিয়ে বৈশ্বিক আলোচনা বাড়ার পর দক্ষিণ কোরিয়াও এ ধরনের সক্ষমতা অর্জনের বিষয়ে আগ্রহ দেখায়। তবে সিউল জানিয়েছে, তাদের পরিকল্পনা সম্পূর্ণভাবে প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে নেওয়া হচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত