হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদারের ঘোষণা দেওয়ার পর লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৩১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহর শতাধিক অবকাঠামো ও অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিকে সবচেয়ে বড় হামলাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।
সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা আরও বাড়ানোর নির্দেশ দেন। মঙ্গলবার নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, 'লেবাননে আমাদের অভিযান আরও গভীর করা হচ্ছে।'
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বেকা উপত্যকার মাশঘারা গ্রামসহ দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালানো হয়েছে। কিছু হামলা ইউনেস্কো স্বীকৃত প্রায় ৯০০ বছরের পুরোনো ঐতিহাসিক বিউফোর্ট দুর্গের কাছেও আঘাত হানে।
হামলার পর বৈরুতের দক্ষিণাঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাজারো মানুষ গাড়ি নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছাড়তে শুরু করেন। যদিও রাজধানী বৈরুত সরাসরি হামলার শিকার হয়নি, তবুও রাতজুড়ে লেবাননের বিভিন্ন স্থানে একের পর এক বিমান হামলা চলে।
