২ দিনের বিশেষ ক্যাম্পেইনে জনতা ব্যাংকের মার্চেন্ট বেড়েছে ১৭,৫২৩

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১২:৪০ এএম

বাংলা কিউআর মার্চেন্ট সম্প্রসারণ ও নিবন্ধন কার্যক্রম জোরদারে শুক্র ও শনিবার বিশেষ ক্যাম্পেইন চালিয়েছে জনতা ব্যাংক পিএলসি। ব্যাংকের নিয়মিত লেনদেন কার্যক্রম বন্ধ রেখে পরিচালিত এ বিশেষ কর্মসূচিতে নতুন করে ১৭ হাজার ৫২৩ জন মার্চেন্টকে বাংলা কিউআর কার্যক্রমের আওতায় আনা হয়েছে। এর ফলে ব্যাংকটির মোট বাংলা কিউআর মার্চেন্টের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৫২৩ জনে। ক্যাম্পেইনের আগে জনতা ব্যাংকের মার্চেন্ট সংখ্যা ছিল ১০ হাজার।

বাংলা কিউআর মার্চেন্ট সম্প্রসারণের লক্ষ্যে ২৪ ও ২৫ জুলাই ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখাগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের স্ব স্ব কর্মস্থলে উপস্থিত থেকে অফিস ও মাঠপর্যায়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে কর্মকর্তারা বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও সম্ভাব্য মার্চেন্টদের সঙ্গে যোগাযোগ করে নতুন নিবন্ধন সম্পন্ন করেন এবং বাংলা কিউআর ব্যবহারে ব্যবসায়ীদের উৎসাহিত করেন।

বিশেষ এ ক্যাম্পেইনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান নিজেও মাঠপর্যায়ে থেকে কার্যক্রমে অংশ নেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সম্ভাব্য মার্চেন্টদের সঙ্গে কথা বলেন এবং বাংলা কিউআর নিবন্ধন ও ব্যবহারের বিষয়ে ব্যবসায়ীদের উৎসাহিত করেন।

জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান বলেন, ‘বাংলা কিউআর দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা চাই, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরাও সহজেই ডিজিটাল লেনদেনের আওতায় আসুক। এ লক্ষ্যেই জনতা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা মাঠপর্যায়ে কাজ করছেন।’

তিনি আরও বলেন, ‘মাত্র দুই দিনের বিশেষ ক্যাম্পেইনে ১৭ হাজার ৫২৩ জন নতুন মার্চেন্টকে বাংলা কিউআরের আওতায় আনতে পারা আমাদের জন্য একটি বড় অর্জন। এ সাফল্যের পেছনে ব্যাংকের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টা রয়েছে। ভবিষ্যতেও বাংলা কিউআরের ব্যবহার আরও বাড়াতে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাব।’

ব্যাংক সংশ্লিষ্টরা জানান, বাংলা কিউআর ব্যবস্থার মাধ্যমে একজন মার্চেন্ট একটি কিউআর কোড ব্যবহার করে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের কাছ থেকে ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে পারেন। এতে ব্যবসায়ীদের জন্য লেনদেন সহজ হওয়ার পাশাপাশি নগদ অর্থ ব্যবহারের ঝুঁকি ও নির্ভরতা কমে। একই সঙ্গে দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে আনুষ্ঠানিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার আওতায় আনার সুযোগ তৈরি হয়।

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হওয়া আন্তঃসংযোগভিত্তিক বাংলা কিউআর ব্যবস্থার ব্যবহার বাড়াতে বর্তমানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো মার্চেন্ট সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে। এরই অংশ হিসেবে জনতা ব্যাংক দুই দিন নিয়মিত ব্যাংকিং কার্যক্রম বন্ধ রেখে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে ব্যাপকসংখ্যক নতুন মার্চেন্টকে বাংলা কিউআর ব্যবস্থায় যুক্ত করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত