ওয়াশিংটনে কারখানায় বিস্ফোরণ, নিহত ১

আপডেট : ২৭ মে ২০২৬, ০৮:৫১ এএম

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি কাগজ ও প্যাকেজিং কারখানায় রাসায়নিকভর্তি বিশাল ট্যাংক বিস্ফোরণে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন এবং নিখোঁজ রয়েছেন অন্তত ৯ জন।

স্থানীয় সময় মঙ্গলবার (২৬ মে) সকালে লংভিউ শহরের নিপ্পন ডাইনাওয়েভ প্যাকেজিং কোম্পানির কারখানায় এ দুর্ঘটনা ঘটে। দমকল বিভাগ জানায়, কাগজ তৈরিতে ব্যবহৃত ‘হোয়াইট লিকার’ নামের রাসায়নিক মিশ্রণভর্তি একটি ট্যাংক ফেটে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। 

প্রাথমিকভাবে ট্যাংকটিতে প্রায় ৮০ হাজার গ্যালন রাসায়নিক ছিল বলা হলেও পরে কর্মকর্তারা জানান, এতে প্রায় ৯ লাখ গ্যালন রাসায়নিক ছিল। দুর্ঘটনার পরও ট্যাংকের ভেতরে কিছু বিপজ্জনক পদার্থ রয়ে গেছে।

আহতদের মধ্যে আটজন কারখানার কর্মী ও একজন দমকলকর্মী রয়েছেন। বর্তমানে উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে জনসাধারণের জন্য তাৎক্ষণিক কোনো ঝুঁকি নেই বলেও নিশ্চিত করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে বিভিন্ন শিল্পকারখানায় একের পর এক দুর্ঘটনার মধ্যে এটি নতুন ঘটনা। এর আগে ক্যালিফোর্নিয়া ও ওয়েস্ট ভার্জিনিয়াতেও রাসায়নিক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত