ঈদের ছুটিতে ঢাকায় থাকবে ১৫ হাজার পুলিশের কড়া নিরাপত্তা

আপডেট : ২৭ মে ২০২৬, ০৩:৩৫ পিএম

ঈদের দিন ঢাকা মহানগরীতে ১৫ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ।

এছাড়া পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। সেই সঙ্গে জাতীয় ঈদগাহ ও রাজধানীর বিভিন্ন ঈদ জামাতকে ঘিরে চার থেকে ছয় স্তরের নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে।

বুধবার (২৭ মে) জাতীয় ঈদগাহ ময়দানে অস্থায়ী পুলিশ কন্ট্রোলরুমে ট্রাফিক ম্যানেজমেন্ট প্ল্যান নিয়ে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ব্রিফিংয়ের আয়োজন করে ডিএমপির ট্রাফিক রমনা বিভাগ। এতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএমপি কমিশনার বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররমসহ রাজধানীর বিভিন্ন ঈদ জামাতে লাখো মুসল্লির সমাগম হবে। একই সময়ে ঈদের ছুটিতে বিপুলসংখ্যক মানুষ ঢাকা ছাড়ায় অনেক আবাসিক ও বাণিজ্যিক এলাকা ফাঁকা হয়ে পড়বে। এ বাস্তবতায় বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, অতীত অভিজ্ঞতা ও সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণ করে প্রযুক্তিনির্ভর ও বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে।

মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, জাতীয় ঈদগাহ ও আশপাশের এলাকায় চার থেকে ছয় স্তরের নিরাপত্তা বলয় থাকবে। এসবি সুইপিং টিম ও কাউন্টার টেররিজম ইউনিটের ডগ স্কোয়াড দিয়ে পুরো এলাকা তল্লাশি করা হচ্ছে। সিসিটিভির আওতায় আনা হয়েছে ঈদগাহ ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থান। অস্থায়ী কন্ট্রোলরুম থেকে সার্বক্ষণিক নজরদারি করা হবে।

ডিএমপি কমিশনার বলেন, ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েন থাকবে। সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট ও কাউন্টার টেররিজম ইউনিট স্ট্যান্ডবাই থাকবে। নারী মুসল্লিদের জন্য পৃথক নামাজের স্থান, আলাদা প্রবেশপথ ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিস ও মেডিকেল টিম প্রস্তুত থাকবে।

তিনি আরও বলেন, জাতীয় ঈদগাহকেন্দ্রিক নিরাপত্তায় প্রায় ১ হাজার ৫০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। আর পুরো মহানগরীতে ঈদের দিন ১৫ হাজার সদস্য মোতায়েন থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া পুলিশ সদস্যদের ছুটি সীমিত রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত