বগুড়ায় মাদকসহ গ্রেপ্তার ৬, এক মাসের কারাদণ্ড

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৮:২৩ পিএম

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে পরিচালিত এ অভিযানে গাঁজা, টাপেন্টাডল ট্যাবলেট ও হেরোইন উদ্ধার করা হয়।

বগুড়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) উপপরিচালক মোহাঃ জিললুর রহমান সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শিবগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আইনুর ইসলাম (৪৮), মহাস্থান নামাপাড়ার রাজু ফকির (২৮), লক্ষ্মীপুরের খোকন মিয়া (৩৫), গাইবান্ধার মহিমাগঞ্জ এলাকার মনারুল ইসলাম (৪০), রামচন্দ্রপুর গ্রামের মামুন মিয়া (৪০) এবং লক্ষ্মীপুরের মাহফুজার রহমান (৫২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া সুত্রে জানা যায়, ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ৩০০ গ্রাম গাঁজা, ৪টি টাপেন্টাডল ট্যাবলেট এবং ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বগুড়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) উপপরিচালক মোহাঃ জিললুর রহমান জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ছয়জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বগুড়ায় মাদক বিরোধী এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত