রোদ বৃষ্টিতে ত্বক থাকুক সতেজ

আপডেট : ০৩ জুন ২০২৬, ০১:৫৬ এএম

এখন আবহাওয়ায় রোদ-বৃষ্টি দুটোরই সরব উপস্থিতি। এ রকম আবহাওয়ায় ত্বকে ছোট-বড় সমস্যা দেখা দিতে পারে। পানিশূন্যতা, ত্বক রোদে পুড়ে যাওয়া, একনে কিংবা ছোট ছোট বাম্পস। এ সময় ত্বকের যত্নে একটু বেশিই মনোযোগী হতে হবে, যা করতে পারেন জানালেন রূপবিশেষজ্ঞ জুলিয়া আজাদ

পর্যাপ্ত পানি পান

হিটওয়েভ মানেই প্রচন্ড ঘাম হওয়া, আর ঘামের সঙ্গে বেরিয়ে যায় শরীরের জন্য প্রয়োজনীয় অনেক পুষ্টি উপাদান। এই পুষ্টি উপাদান যে শুধু আমাদের কিডনি বা হার্টের জন্য প্রয়োজনীয় তা নয়, বরং ত্বকের জন্যও প্রয়োজনীয়। তাই এই পুষ্টি উপাদান না পেলে ত্বক তার সহজাত পুষ্টতা তো হারাবেই। পানি পানের বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিতে হবে। দিনে অন্তত দেড়-দুই লিটার পানি শরীরের স্বাভাবিক ফাংশন যেমন ঠিক রাখে। একইভাবে ত্বককেও রাখে সতেজ।  এর পাশাপাশি বাইরের তাপমাত্রার কারণে ত্বকের শুষ্ক হয়ে যাওয়া রোধ করতে ব্যবহার করতে পারেন হায়ালুরোনিক অ্যাসিড সমৃদ্ধ ময়েশ্চারাইজার। এর ফলে ত্বক ভেতর ও বাহির দুই দিক থেকেই থাকবে সুরক্ষিত!

সানস্ক্রিন ব্যবহার

প্রচন্ড রোদে বের হওয়ার আগে ত্বকে সানস্ত্রিন ব্যবহার জরুরি।  বাইরে বের হওয়ার ১৫ মিনিট আগে ত্বকে সানস্ক্রিন ব্যবহার করুন! ত্বকের ধরন অনুযায়ী হোয়াইট কাস্ট দেয় না, তেলতেলে নয় এমন সানস্ক্রিন ব্যবহার করুন। সানস্ক্রিনের এসপিএফ যেন ৫০ বা তার ওপরে হয় এটা খেয়াল রাখুন। বাইরে থাকলে ৪ ঘণ্টা পর পুনরায় সানস্ক্রিন ব্যবহার করুন। ত্বককে শুধু রোদের পোড়া ভাব থেকে কমাতেই নয়, বরং অকালে ত্বকে বয়সের ছাপ পড়া রোধ করতেও অনেক বেশি কার্যকরী সানস্ক্রিন।

ছায়াযুক্ত স্থান ও ছাতা

যখন সূর্য একেবারে মাথার ওপরে থাকে, বিশেষ করে দুপুর ১২টা থেকে ৩টার মধ্যে রোদে বের না হওয়ার চেষ্টা করুন। আর বের হলেও সঙ্গে ছাতা রাখুন। এতে করে আপনার ত্বক সরাসরি সূর্যরশ্মি থেকে যেমন বাঁচবে, একই সঙ্গে স্বস্তিতেও থাকবেন। পোশাকের ক্ষেত্রে লম্বা হাতাযুক্ত জামাকাপড় ব্যবহার করুন। এতে করে ত্বক আবৃত ও সুরক্ষিত থাকবে ক্ষতিকর ইউভি রশ্মি থেকে।

রাতে ত্বকের যত্ন

সপ্তাহে ১ থেকে ২ বার ত্বক এক্সফোলিয়েট করা ভালো উপায় হতে পারে ত্বকের ওপরের ডেড সেলের লেয়ারকে তুলে ফেলতে। রাতের বেলায় ত্বক নিজেকে রিজেনারেশন করে অর্থাৎ সারাদিন যে ঝড়-ঝাপ্টা ত্বকের ওপর দিয়ে গিয়েছে সেটাকে ফাইট করার জন্য নিজের শিল্ড তৈরি করে। সেখানে সবচেয়ে ভালো হয় যদি রাতে ত্বকের যতœ নেই। ত্বক ভালোভাবে পরিষ্কার করে ত্বকের ধরন অনুযায়ী সিরাম লাগিয়ে ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করে রাতে ঘুমাতে গেলে ত্বক আপনা থেকেই ভালো থাকবে।

ভিটামিন সি

ত্বক সুন্দর রাখার সবচেয়ে ভালো সমাধান হলো স্কিনকেয়ার রুটিনে ভিটামিন-সি যুক্ত করা। ত্বকের জন্য ক্ষতিকর উপাদানগুলোর বিরুদ্ধে প্রোটেকশন দেয় এই ভিটামিন-সি। এ ছাড়াও কোলাজেন তৈরি করে, যার ফলে নতুন কোষ তৈরি হয় এবং স্কিনের তারুণ্যদীপ্ততা বজায় থাকে। ভিটামিন-সি দিনের বেলায় ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। তাই দিনের বেলা ত্বকের যত্নে এটি  ব্যবহার করতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত