বিদ্যুৎস্পৃষ্টে ৫ গরুর মৃত্যু, ক্ষোভ এলাকাবাসীর

আপডেট : ০৩ জুন ২০২৬, ১২:২৪ পিএম

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া-বেঙ্গলিয়া গ্রামের চকে অরক্ষিত বিদ্যুৎ লাইনের খুঁটির সংস্পর্শে এসে পাঁচ গরু মারা গেছে।

বুধবার (৩ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের দ্রুত সতর্কতায় আরও কয়েকটি গরু প্রাণে রক্ষা পায়।

স্থানীয় সূত্র জানায়, এলাকায় বিদ্যুৎ লাইনের একটি কাঠের খুঁটি ভেঙে যাওয়ার পর সেখানে বাঁশের খুঁটি ব্যবহার করা হয়েছিল। দীর্ঘদিন ধরে সেটি ঝুঁকিপূর্ণ ও অরক্ষিত অবস্থায় পড়ে ছিল। বুধবার সকালে মাঠে চরতে যাওয়া ভেঙ্গুলা গ্রামের কৃষক লিয়াকত, রমজান ও সলিমের মালিকানাধীন গরুগুলো ওই বিদ্যুতায়িত খুঁটির সংস্পর্শে এলে ঘটনাস্থলেই পাঁচটি গরুর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় বাসিন্দা সেন্টু ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত চিৎকার করে আশপাশের লোকজনকে সতর্ক করেন। তার তাৎক্ষণিক পদক্ষেপে আরও কয়েকটি গরুকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়।

ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, নিহত গরুগুলো তাদের পরিবারের আয়ের অন্যতম প্রধান উৎস ছিল। আকস্মিক এ দুর্ঘটনায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তারা ক্ষতিপূরণ প্রদান এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

স্থানীয় বাসিন্দা সেন্টু বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় বাঁশ ও কাঠের খুঁটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আমরা বারবার সিমেন্টের খুঁটি স্থাপনের দাবি জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর আগেও এসব খুঁটির কারণে মানুষ ও গবাদিপশুর প্রাণহানির ঘটনা ঘটেছে। আজ আবার পাঁচটি গরু মারা গেল।

এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনের খুঁটিগুলো অপসারণ বা সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত সিমেন্টের খুঁটি স্থাপন ও বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কালিহাতী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান সুমন বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। লোক পাঠিয়ে খোঁজ নেওয়া হবে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এম তৌফিক আজম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত