প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোরিকশা চালকের মৃত্যু

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৩:৫৮ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  প্রাইভেটকার চালকের মারধরে অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) রাত ১১টার দিকে শিমরাইল-আদমজী-চাষাঢ়া সড়কের সিদ্ধিরগঞ্জপুল এলাকায় রাইয়ান সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত প্রাইভেটকার চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত অটোরিকশা চালক রফিক (৪৫) পটুয়াখালী সদর উপজেলার গেরাখালী এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকার একটি গ্যারেজ থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। অভিযুক্ত প্রাইভেটকার চালক নাদিম (৫০) সিদ্ধিরগজ আদমজী বিহারীপট্টি এলাকার বাসিন্দা।

নিহতের স্বজনদের অভিযোগ, রফিক মাকসুদ পরিবহনের একটি ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। ঘটনার সময় তার অটোরিকশায় একজন নারী যাত্রী ছিলেন। পথে একটি প্রাইভেটকারের সঙ্গে সামান্য সংঘর্ষের পর দুই চালকের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে প্রাইভেটকার চালক নাদিম রফিককে ঘুষি মারেন। এতে তিনি সড়কে পড়ে গুরুতর আহত হন এবং তার নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। পরে স্থানীয়রা তাকে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, অটোরিকশাচালকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত প্রাইভেটকার চালককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত