জামিনে মুক্ত হয়ে ফিল্মে স্টাইলে অপহরণ, ৪০ ঘণ্টায়ও উদ্ধার হয়নি কিশোরী

আপডেট : ০৩ জুন ২০২৬, ০৫:১৪ পিএম

কুমিল্লার লাকসামে নিজ বাড়ি থেকে ফিল্মে স্টাইলে অপহরণের প্রায় ৪০ ঘণ্টা পার হলেও তাহমিনা আক্তার স্মৃতি (১৬) নামে এক কিশোরীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় কিশোরীর মা কুসুম বেগম বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪০ জনকে আসামি করে লাকসাম থানায় মামলা করেছেন।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুন্নাহার লাইলী বুধবার (৩ জুন) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অপহৃত কিশোরীকে উদ্ধারে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

অপহৃত স্মৃতি লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের হারাখাল গ্রামের প্রবাসী আলম মিয়ার মেয়ে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। মামলার প্রধান অভিযুক্ত মো. মাসুদ (৩২) ফেনীর ফুলগাজী উপজেলার বাসিন্দা।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, স্মৃতির সঙ্গে মাসুদের প্রেমের সম্পর্ক ছিল। গত ফেব্রুয়ারিতে মাসুদ তাকে নিয়ে চলে গেলে পরিবার থানায় অপহরণ মামলা করে। পরে পুলিশ অভিযান চালিয়ে ১৭ দিন পর স্মৃতিকে উদ্ধার করে এবং মাসুদকে গ্রেপ্তার করে। আদালত কিশোরীকে পরিবারের জিম্মায় দেন এবং মাসুদকে কারাগারে পাঠান।

পরিবারের দাবি, প্রায় ৮ থেকে ১০ দিন আগে জামিনে মুক্ত হয়ে মাসুদ আবারও লোকজন নিয়ে সোমবার গভীর রাতে স্মৃতিদের বাড়িতে হামলা চালান। এ সময় পরিবারের সদস্যদের মারধর করে ঘরে আটকে রাখা হয়। পরে দ্বিতীয় তলা থেকে কিশোরীকে নামিয়ে নিয়ে যাওয়া হয়। পরিবারের অভিযোগ, হামলাকারীরা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারও নিয়ে গেছে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, কয়েকজন ব্যক্তি একটি ভবনের ওপর থেকে এক তরুণীকে নিচে নামিয়ে নিয়ে যাচ্ছেন। এ সময় আশপাশে অনেক লোকজন উপস্থিত ছিলেন।

কিশোরীর বাবা আলম মিয়া বলেন, আমার মেয়েকে দ্রুত উদ্ধার করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাই। ওসি আরও জানিয়েছেন, মামলার তদন্ত চলছে এবং কিশোরীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত