মুন্সীগঞ্জে ২৪০ ক্যান বিদেশি বিয়ারসহ গ্রেপ্তার তিন

আপডেট : ০৫ জুন ২০২৬, ১২:০০ পিএম

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলে গোয়েন্দা ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ২৪০ ক্যান বিদেশি বিয়ারসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- সুমন মিঝি (২৮), খান জাহান আলী (২৪) ও মো. লিংক মিঝি (২৫)। 

গত বৃহস্পতিবার (৪ জুন) দিনগত রাতে সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নের টরকী গ্রামে অভিযান চালিয়ে সমুদয় বিয়ারসহ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সবার বাড়ি টরকী গ্রামে। 

আজ শুক্রবার (৫ জুন) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে আগেরদিন বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৯ টার দিকে জেলা ডিবি ও সদর থানা পুলিশ যৌথভাবে টরকী জুনিয়র স্কুল সংলগ্ন ব্রীজের ওপর অভিযান চালান। এসময় ৩ জনকে গ্রেপ্তার করেন। তাদের প্রত্যেকের কাছে ২৪ ক্যান করে ৭২ ক্যান মার্টিনস নামে বিয়ার পাওয়া যায়। 

বিজ্ঞপ্তি সূত্রে আরও জানা যায়, পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ওইরাত ১০ টার দিকে টরকী জুনিয়র স্কুলের রাস্তা সংলগ্ন জাহেদ মিঝি গংদের পুকুর পাড়ের জঙ্গলের ঝোপ থেকে আরো ১৬৮ ক্যান বিয়ার উদ্ধার করতে সক্ষম হন ডিবি ও থানা পুলিশের টিম। এ ব্যাপারে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত