নেত্রকোনার মদনে দুই পুলিশ সদস্য ওপর হামলার অভিযোগে সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু মিয়াকে সাংগঠনিক পর থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।
শুক্রবার (৫ জুন) দুপুরে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠান স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারে বিষয়ে জানানো হয়।
বহিষ্কৃত সৈয়দ মিঠু মিয়া মদন পৌর সদরের সৈয়দ রঞ্জু মিয়ার ছেলে।
বিজ্ঞপ্তিটিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু মিয়াকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যার পর মদন পৌর সদরের সরকারি কলেজ মোড় এলাকায় পুলিশের ওপর হামলার এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছাত্রদল সভাপতি মিঠুকে আটক করেছে পুলিশ।
আহত পুলিশ সদস্যরা হলেন মদন থানায় কর্মরত কনস্টেবল মো. ফরিদুল ইসলাম ও আতাউর রহমান। তাদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, যাত্রী হয়রানির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে মিঠু নামের এক যুবক আচমকা হামলা করে দুই পুলিশ সদস্যকে আহত করে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
